বর্ষাকালে বিছানায় স্যাঁতসেঁতে ভাব দূর করার উপায় জানুন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ঘরের নানা জিনিসে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। বিশেষ করে বিছানা, চাদর ও বালিশে ঠান্ডা-আঠালো অনুভূতি তৈরি হয়, যা ঘুমের আরাম নষ্ট করে। পাশাপাশি ভেজা পরিবেশে দুর্গন্ধ, ছত্রাক, অ্যালার্জি ও শ্বাসকষ্টের মতো সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে বর্ষার সময়েও বিছানা রাখা যায় শুকনো ও আরামদায়ক।
রোদ পেলেই ঘরে ঢুকতে দিন আলো-বাতাস
বর্ষার দিনে যখনই সূর্যের দেখা মিলবে, তখন শোবার ঘরের দরজা-জানালা খুলে দিন। এতে ঘরের জমে থাকা আর্দ্রতা কমে। ভালো রোদ উঠলে চাদর, বালিশ ও তোশক বারান্দা বা রোদ পড়ে এমন জায়গায় মেলে দিলে ভেজাভাব অনেকটাই দূর হয়।
আর্দ্রতা কমাতে ব্যবহার করুন ঘরোয়া উপকরণ
তোশকের আর্দ্রতা ও গন্ধ কমাতে সপ্তাহে একবার এর ওপর বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন। প্রায় এক ঘণ্টা রেখে পরে ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে দুর্গন্ধ কমার পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতাও শোষিত হয়।
চাদর ও বালিশ সংরক্ষণের জায়গায় সিলিকা জেল প্যাকেট বা সাধারণ চক রাখা যেতে পারে। এগুলো বাতাসের জলীয় বাষ্প শুষে নিয়ে কাপড়কে সতেজ রাখতে সাহায্য করে।
ইলেকট্রনিক ডিভাইসের সঠিক ব্যবহার
ঘরে এসি থাকলে বর্ষাকালে ড্রাই মোড ব্যবহার করা যেতে পারে। এটি ঘরের অতিরিক্ত আর্দ্রতা কমাতে কার্যকর। এছাড়া ফ্যান মাঝারি গতিতে চালু রাখলে ঘরের বাতাস চলাচল স্বাভাবিক থাকে এবং স্যাঁতসেঁতে ভাব কমে।
ব্যবহারের আগে ইস্ত্রি করুন চাদর ও বালিশের কভার
বর্ষায় ধোয়া চাদর বা বালিশের কভারে সামান্য ভেজাভাব থাকলে ব্যবহারের আগে গরম ইস্ত্রি করে নেওয়া ভালো। এতে কাপড়ের ভেতরের আর্দ্রতা বাষ্প হয়ে বের হয়ে যায় এবং বিছানায় সতেজ অনুভূতি থাকে।
বর্ষায় বেছে নিন সুতির বেডশিট
সিনথেটিক কাপড়ের চেয়ে বর্ষাকালে পাতলা সুতির চাদর বেশি আরামদায়ক। সুতি কাপড় বাতাস চলাচলে সহায়তা করে এবং তুলনামূলকভাবে কম স্যাঁতসেঁতে অনুভূতি তৈরি করে।
ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা
বর্ষাকালে ঘরের ভেতরের গাছপালা আর্দ্রতা বাড়াতে পারে। তাই সম্ভব হলে ইনডোর প্ল্যান্টগুলো বারান্দা বা ছাদে রাখা ভালো। এছাড়া ঘরের ভেতরে কাপড় শুকানোর প্রয়োজন হলে আগে যতটা সম্ভব পানি ঝরিয়ে বা ইস্ত্রি করে নিয়ে তারপর শুকাতে দিন। এতে ঘরের পরিবেশ অতিরিক্ত ভেজা হয়ে উঠবে না।
তোশক বা ম্যাট্রেসে ছত্রাক হলে কী করবেন
বর্ষার আর্দ্র আবহাওয়ায় তোশক বা ম্যাট্রেসে ছত্রাক দেখা দিতে পারে। এসব ছত্রাক থেকে অ্যালার্জি, শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
ভিনেগার ও বেকিং সোডায় দূর করুন ফাঙ্গাস
ছত্রাক আক্রান্ত স্থানে সাদা ভিনেগার স্প্রে করে প্রায় এক ঘণ্টা রেখে দিন। এরপর ওই জায়গায় বেকিং সোডা ছড়িয়ে দিন। এটি আর্দ্রতা ও দুর্গন্ধ শোষণ করতে সাহায্য করবে। কয়েক ঘণ্টা পর শুকিয়ে গেলে ব্রাশ বা ভ্যাকুয়াম দিয়ে বেকিং সোডা পরিষ্কার করে ফেলুন।
ডিটারজেন্ট ও অ্যান্টিসেপটিক দিয়েও করা যায় পরিষ্কার
সামান্য তরল ডিটারজেন্ট পানির সঙ্গে মিশিয়ে ফেনা তৈরি করে নরম ব্রাশ বা স্পঞ্জ দিয়ে ছত্রাকের দাগ পরিষ্কার করা যায়। পরে পানিতে অল্প অ্যান্টিসেপটিক মিশিয়ে জায়গাটি মুছে জীবাণুমুক্ত করতে হবে।
পরিষ্কার করার পর তোশক কয়েক ঘণ্টা রোদে শুকানো সবচেয়ে ভালো। রোদ না থাকলে ফ্যানের বাতাসে শুকাতে হবে। প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। তবে পুরোপুরি শুকানোর আগে তোশকের ওপর চাদর বিছানো উচিত নয়।



