|
ফলো করুন |
|
|---|---|
ওজন কমানো বা পেটের মেদ ঝরানোর জন্য অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করেন। তবে শুধু গরম পানি পান করলেই শরীরের চর্বি কমে বা পেটের মেদ গলে যায়—এমন দাবির পক্ষে এখনো কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
নিউজ১৮-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, গরম পানি সরাসরি ওজন কমানোর কোনো উপায় নয়।
তবে গরম পানি পান করার কিছু উপকারিতা রয়েছে। এটি শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে কিছুটা ভূমিকা রাখতে পারে।
অনেকের ক্ষেত্রে গরম পানি পান করলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি হতে পারে, যার ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। পাশাপাশি এটি গলা ও পরিপাকতন্ত্রে আরাম দিতে পারে।
ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অভিদীপ্ত হাজরা জানিয়েছেন, পেটের চর্বি কমানোর জন্য কোনো নির্দিষ্ট খাবার বা পানীয়ের ওপর নির্ভর করা উচিত নয়। দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে হলে সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং ক্যালোরি নিয়ন্ত্রণ—এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর জন্য প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট হাঁটা বা শারীরিক অনুশীলনের অভ্যাস করা জরুরি। পাশাপাশি অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও বেশি ক্যালোরির খাবার এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। নিয়মিত এসব স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললেই ধীরে ধীরে শরীরের অতিরিক্ত চর্বি কমানো সম্ভব।

