এখন দরকার বিভিন্ন স্তরে সংস্কার
মোহাম্মদ আবদুল মাননান
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১৯৯১ সালের জাতীয় নির্বাচনটিকে আজ অবধি সেরা নির্বাচন বলে মান্যতা দেওয়া হয়-আওয়ামী লীগ সূক্ষ্ম কারচুপির অভিযোগ তুললেও সেই সূক্ষ্ম কারচুপির পূর্ণ চিত্র কখনোই জনসম্মুখে নিয়ে আসেনি।
এরপর ১৯৯৬, ২০০১-পরপর দুটি নির্বাচনের ব্যাপারে হেরে যাওয়া পক্ষের কিছু ওজর-আপত্তি থাকলেও গ্রহণযোগ্যতা পেয়েছিল। ২০০৯ সালের নির্বাচন নিয়ে ওজর-আপত্তি একটু বেশি উত্থাপিত হলেও বিরোধী শিবির মেনে নিয়েছিল। এই চারটি নির্বাচনই ছিল নির্দলীয় কেয়ারটেকারের অধীনে। অর্থাৎ একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসীন থেকে নির্বাচন করতে পারেনি।
এ নির্বাচনের চারটিতেই নিকটতম অতীতের সরকার জয়লাভ করেনি। অর্থাৎ ক্ষমতায় অবস্থান করে নির্বাচনের সুযোগ পায়নি এবং চারবারই সম্প্রতি-গত ক্ষমতাসীনদের হারতে হয়েছে। ফলে পরবর্তী নির্বাচিত সরকারের স্বৈরাচার হওয়ার সুযোগ ছিল না। কেয়ারটেকার বাতিলের পরবর্তী তিনটি নির্বাচনের দিকে এবার একটু তাকান।
আওয়ামী লীগ যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, দলহীন লোকদের চোখে কী দেখা গেছে? ২০১৩-তে একটি মহা-প্রহসন, ২০১৮-তে লাইলাতুল ইলেকশন এবং ২০২৪-এ এক মহাকাব্যিক (!) নির্বাচন-ডামি প্রার্থীর নির্বাচন। কেন এমন হলো? সরকারকে ক্ষমতার চেয়ার ছেড়ে নির্বাচন করতে হয়নি এবং সরকারে আসীন থাকার কারণে রাষ্ট্র ও সরকারের সব হাতকে ব্যবহার করে ভোটে যাবতীয় ইঞ্জিনিয়ারিং করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। এতে কার্যত জনভোটের দরকারই পড়েনি।
যে দেশের রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হলে সেটাকে আঁকড়ে থাকার জন্য জীবন বিসর্জন দিতে কার্পণ্য করে না, সেদেশে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে সুষ্ঠু নির্বাচন আহাম্মকের কল্পনা বৈ কিছু নয়। ১৯৯১ সালে জিতে বিএনপি ভেবে বসেছিল, ক্ষমতায় বসেই নির্বাচনি বৈতরণী পার হবে, সেটা বুঝতে পেরেই শুরু হয় কেয়ারটেকারের আন্দোলন।
সেই আন্দোলন নিয়ে বিস্তারে যাওয়ার দরকার নেই। কিন্তু এতকিছু করে কেয়ারটেকার পাওয়ার পর সেটাকে আবার কবরে পাঠাল সেই আওয়ামী লীগই। আদালতের ঘাড়ে দোষও দেওয়া হলো, তবে সেই যুক্তি বাচ্চাসুলভ। আবার সেই সময়ের প্রধান বিচারপতিরও দায় আছে। মূলত দেশের সরকার সেই থেকেই স্বৈরাচার হয়ে উঠতে শুরু করল। কেয়ারটেকার ব্যবস্থা চালু থাকলে পাঁচ বছর পরপর ক্ষমতায় যেতে জনভোটের দিকেই ফিরতেই হতো-আর যাইই হোক, জনভোটের কথা মাথায় রেখে পাঁচ বছরে স্বৈরাচার হওয়ার সুযোগ ঘটত না।
কোটা আন্দোলনই শেখ হাসিনা সরকারের পতনের একমাত্র কারণ নয়। কোটার সঙ্গে আরও যারা মাঠে নেমেছে তাদের নানা ক্ষোভ ছিল। রাস্তায় নেমে এসেছে শিক্ষক-অভিভাবক-জনসাধারণ। যুক্ত হয়েছে জামায়াত-বিএনপির ছাত্র সংগঠনও; তাদেরও চাকরি চাই, ফলে কোটার আন্দোলনে তাদের অংশগ্রহণে দোষের কিছু ছিল না। দোষের হচ্ছে যদি তারা ভাঙচুর-ধ্বংসযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট হয়। এরপর যুক্ত হয়েছে বিরোধী রাজনৈতিক শক্তি। কার্যত, কোটার দাবি পূরণ হওয়ার পরও কেন সরকার পতনের আন্দোলন শুরু হলো? সরকার কেন এ আন্দোলন গোড়াতেই সামলাতে পারেনি, এ নিয়ে আলোচনা চলতে থাকবে আরও অনেকদিন।
মোদ্দা কথা, ছাত্র ও সাধারণ মানুষের নাড়ি বোঝার চেষ্টা করেনি সরকার। বুঝতে পারেনি এ প্রজন্মকে। একটি প্রজন্মকে অনুধাবন করতে না পারায় নানা সমস্যা হতেই পারে। তাচ্ছিল্য, নয়তো হালকা করে দেখা হয়েছে এ আন্দোলনকে, ছিল শক্তির দম্ভ এবং ক্ষমতার অহং। সরকার অনুমান করতে পারেনি আন্দোলনের গতি-প্রকৃতি, বোঝার চেষ্টা করেনি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ।
সরকার যখন সবকিছু আঁচ করতে শুরু করেছিল, বেশ বিলম্ব হয়ে গেছে। চীন সফরের পর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ছয়জন মৃত্যু-অন্তে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, রংপুরের সাঈদের মৃত্যু নিয়ে সরকারের তরফে নানা বয়ান আন্দোলকে বেগবান করে দিয়েছে এবং এরপর মৃতের সংখ্যা পরিস্থিতির ওপর থেকে সরকারকে নিয়ন্ত্রণচ্যুত করেছে মাত্র। বাকিটা ইতিহাস।
এখানে একটু বলা দরকার, তিউনেশিয়ায় গণআন্দোলন শুরু হয়েছিল রুটির দাম নিয়ে। সরকার রুটির দাম কমিয়ে সেটা সামাল দিতে চেয়েছে, কিন্তু মানুষের ক্ষোভ নেভানো যায়নি-ওখানে মানুষ রুটির মধ্যে দেখেছিল ঝলসানো দেশ; দেখেছিল দুর্নীতি আর অর্থ পাচারকারীদের হাতে গোটা দেশটাই ঝলসে গেছে।
ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত লিখেছেন, শেখ হাসিনার এভাবে চলে যাওয়ায় দলটির রাজনীতিতে ক্ষতি হলো। তিনি যথার্থ বলেছেন। সেটা দিনে দিনে আরও বেশি উপলব্ধি করা যাবে। তবে তার পদত্যাগের মধ্য দিয়ে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের সংবিধানকে গত সরকার কাটাকাটি করে এমন জায়গায় নিয়েছে যে, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের পরিসর নেই। শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করে যাননি। ইচ্ছা করেই কি? ২ ঘণ্টার নোটিশে জরুরি সংসদ অধিবেশন ডেকে ১ ঘণ্টায় একটি প্রতিবিধান করা যেত।
কেয়ারটেকার সরকারের বিধানকে একটু রদবদল করে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা করা যেত। আওয়ামী লীগ প্রধান সেটি করেননি। হয়তো পদ ছাড়ার কথা ভাবেননি বলেও হতে পারে। আরও থাকতে চেয়েছিলেন, চেয়েছিলেন আরও বলপ্রয়োগে রক্তের সমুদ্র বানাতে; এখন খবরে সেটাই প্রতিভাত। রাজনৈতিক শূন্যতায় দেশের নানা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, তবে আমাদের সামনে ১৯৯০-এর ক্রান্তিকালের করণীয়গুলো উদাহরণ হিসাবে রয়েছে। ইতোমধেই দেশের রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেছেন। গঠিত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার।
স্বৈরাচার তথা কর্তৃত্বপরায়ণ শাসকদের পতনের ইতিহাস চোখের সামনেই আছে। শুধু আওয়ামী লীগই নয়, সব রাজনৈতিক দলেরই শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আওয়ামী লীগকে একটু বেশিই নিতে হবে, কেননা, সবটাই চোখের সামনে দিয়ে ঘটে গেছে। এই দলটি ৭৫-এর পরও কি এতটা অস্তিত্ব সংকটে পড়েছিল? আওয়ামী লীগকে সবটা দেখতে হবে নির্মোহ চোখে।
একটি দল ক্ষমতায় আসীন থাকলে নিজেদের ভালোটাই দেখতে পায়। বিরোধী দল সরকারের খারাপটাই দেখে। ফলত, দলকে দেখতে হবে অন্য চোখ দিয়ে। দোর্দণ্ড প্রতাপ এবং বিরোধী দলের চরম দুর্বলতা সত্ত্বেও কেন সর্ববৃহৎ, সুসংগঠিত, অতি পুরোনো দলের সরকারকে এভাবে বিদায় নিতে হলো, এই পাঠ তো নিতেই হবে; নইলে আর রাজনীতি কেন? আওয়ামী লীগ-ছাত্রলীগ আদতে ভবিষ্যতে এ দলটি করার পরিসর সংকীর্ণ করেই রেখেছে। দলের মঙ্গল চাইলে এমনটি করার কথা নয়; এরশাদের পতনের পরের নির্বাচনটিও কিন্তু জাতীয় পার্টি করতে পেরেছিল। প্রশ্ন হচ্ছে, দু-দশজনের পালিয়ে যাওয়া বা বিদেশে গিয়ে টিকে থাকা সম্ভব; সবার ক্ষেত্রে নিশ্চয়ই নয়।
উন্নয়ন এবং দুর্নীতিতে সয়লাব, ব্যাংক খেয়ে দেওয়া এবং ঋণখেলাপির সর্বোচ্চ সীমায় পৌঁছা, বিরোধী দল দমনের নামে নিপীড়ন এবং হাজার হাজার মামলা ও গ্রেফতার, দলীয় দৌরাত্ম্য এবং চাঁদাবাজির প্রসার, কবরস্থান থেকে শৌচালয় সর্বত্র দলীয়করণ এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চরিত্র হনন, প্রশাসন-পুলিশ-শিক্ষকদের দলদাসে রূপান্তর, ব্যবসাকে দলীয়করণ, পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে না-দেওয়া, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ, ক্ষমতার অতি দম্ভ, অর্থনৈতিক দুরবস্থা, মূল্যবৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, স্বাধীনতার চেতনাকে সরলীকরণ, বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগকরণ-কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ ঠিক ঠিক জবাব দিতে পারবে? ক্ষমতায় থাকলে টিভির পর্দা কাঁপিয়ে দেওয়া যায়, এখন জবাব দিক।
সর্বোপরি চারশর অধিক মৃত্যুর দায় আওয়ামী লীগ কাকে দেবে? আর জনবিচ্ছিন্নতা! ফলে আত্মোপলব্ধির সুযোগ এসেছে দেশের সর্ব-পুরোনো এ দলটির।
আগস্ট মাসেই অতীতে নানা কিছু ঘটেছে। প্রতিটি ঘটনাই তাৎপর্যপূর্ণ এবং আলাদা আলাদা গুরুত্ব বহন করে। পদত্যাগের আগের দিনেই ১০৮ জনের মৃত্যু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মাঠে নামাতেই এত মৃত্যু। আওয়ামী লীগেরও বিশজন মারা গেছেন। লগি-বৈঠার মতোই আরেক অধ্যায়। দলটি কি স্বীয় নেতাকর্মীদের লাশের ওপর ক্ষমতায় থাকতে চেয়েছিল? ভুল, সবই ভুল ছিল আওয়ামী লীগ তথা শেখ হাসিনার।
শেখ হাসিনার পদত্যাগের দিনেও শতাধিক মৃত্যু-সবটা আগের রেশ। সেটি এখনো থামছে না। চলছে নানা স্থাপনায় ধ্বংসযজ্ঞ; এসব অপ্রত্যাশিতই নয়, চরম ঘৃণার্হ। একটি মৃত্যুও আর কাম্য নয়। অপরিকল্পিত পদত্যাগ এসবকে যেন বাড়িয়ে দিয়েছে। বিপ্লব-পরবর্তীকালে নানা কিছু ঘটে, কিন্তু মৃত্যু কিংবা প্রতিশোধ-প্রতিহিংসা বিষবৎ পরিত্যাজ্য। ধর্মীয় স্থাপনা রাজনীতির শিকার না হোক।
আওয়ামী লীগ বলেই হামলার শিকার না হোক। পুলিশ বা কোনো রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা বন্ধ হোক। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তাকে যেন নষ্ট না করি। এবং প্রতিটি হত্যা ও ধ্বংসের বিচার প্রক্রিয়া শুরু হোক।
এখানে বলতেই হবে, এক ক্রসফায়ারের বয়ানে পুলিশকে আমরা মিথ্যাবাদী বানিয়ে ফেলেছি। ফলে পুলিশের চোখ দিয়ে নয়-মানবমৃত্যু দেখতে হবে রাজনীতিকের চোখ দিয়ে, গণতন্ত্রের ভাষায়, জনপ্রতিনিধির দায়িত্ব দিয়ে, বিচারিক ভঙ্গিতে। হাসপাতালে আহতদের খোঁজ নেওয়াসহ উন্নত চিকিৎসা প্রদান যেমন জরুরি, তেমনই জরুরি ও গুরুত্বপূর্ণ হচ্ছে মৃতদের তালিকা করে তাদের সহায়তা প্রদান।
রাষ্ট্র ও সরকারের মেরামতের বার্তা সমাজে জারি আছে। এ দুটির আগে গণতন্ত্রও মেরামত করতে হবে। ভালো গণতন্ত্র থাকলেই শুধু ভালো নির্বাচন হতে পারে। আর ভালো নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাঙ্ক্ষিত সরকার পাওয়া যায়। ভালো গণতন্ত্র ভালো নির্বাচনের নিয়ামক। ভালো নির্বাচন ভালো সরকার উপহার দেয়। জনভোটের সরকারই সেরা বলেই এখন অবধি রাষ্ট্রবিজ্ঞান সায় দিচ্ছে। একটি শুদ্ধ গণতান্ত্রিক চর্চা ছাড়া এ দেশ এগিয়ে যেতে পারবে না, স্বাধীনতার প্রকৃত স্বপ্ন বাস্তবায়িত হবে না। একটি স্বৈরাচারী শাসকের বিদায়ের পর যথার্থ রাজনীতি ও শুদ্ধ গণতান্ত্রিক চর্চার পরিবেশ এসেছে-এটিকে কাজে লাগাতে হবে।
মোহাম্মদ আবদুল মাননান : অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার
