হালফিল বয়ান
মওলানা ভাসানীকে কেন মনে রাখব
ড. মাহফুজ পারভেজ
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুর ৫০ বছর পূর্ণ হয়েছে ১৭ নভেম্বর। অথচ বাংলাদেশের রাজনৈতিক উত্তরাধিকারের এ অনন্য প্রতীককে স্মরণ ও মূল্যায়নের আয়োজন ছিল অনেকটাই দায়সারা; কোথাও কোথাও প্রায় অনুপস্থিত, যা এক ধরনের জাতীয় দৈন্যতা এবং রাজনৈতিক স্মৃতিচর্চার চরম সীমাবদ্ধতার প্রকাশ। অথচ মওলানা কোনো একক দল, গোষ্ঠী বা রাজনৈতিক মতাদর্শের সম্পত্তি নন। কৃষক-শ্রমিকের অধিকার, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন, সাম্রাজ্যবাদবিরোধিতা, ফারাক্কা লংমার্চ এবং সাধারণ মানুষের রাজনৈতিক মর্যাদার প্রশ্নে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ; তাকে বিস্মৃতির আড়ালে ঠেলে দেওয়া আত্মবিস্মৃতির লক্ষণ।
মওলানা ভাসানীর অনাড়ম্বর জীবন, কৃষক-শ্রমিকের সঙ্গে তার সম্পর্ক, ক্ষমতার বাইরে থেকে রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং ব্যক্তিত্বের বহুমাত্রিকতা অতুলনীয়। তিনি ছিলেন একইসঙ্গে মওলানা/আলেম, কৃষকনেতা, সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিক, বামপন্থি ধারার সহযোগী এবং গণআন্দোলনের সংগঠক। তাকে বুঝতে হলে তার সময়ের রাষ্ট্র, সমাজ, শ্রেণি ও জাতীয়তাবাদের গতি-প্রকৃতিও বুঝতে হবে।
ভাসানীর রাজনৈতিক জীবনের শুরু ১৯৪৭ সালের দেশভাগের আগের আসামে। সেখানে বাঙালি কৃষকদের জমি, বসতি ও জীবিকার অধিকার নিয়ে তিনি আন্দোলন করেছেন। আসামের ‘লাইন প্রথা’ এবং বাঙালি উচ্ছেদের বিরুদ্ধে তার ভূমিকা তাকে নিপীড়িত কৃষকসমাজের নেতা হিসাবে পরিচিত করে। ভাসানচরে কৃষকদের এক সমাবেশে নেতৃত্ব দেওয়ার পর তার নামের সঙ্গে ‘ভাসানী’ পরিচয়টি যুক্ত হয়।
তিনি বুঝেছিলেন, ভূমির অধিকার ও জীবিকার নিরাপত্তা ছাড়া রাজনৈতিক স্বাধীনতার অর্থ সাধারণ মানুষের কাছে খুব সীমিত। তাই পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের সামনে নতুন এক বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো হাজির হলে তিনি প্রতিবাদী হন। ভাষা, অর্থনীতি, প্রশাসন, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে পশ্চিম পাকিস্তানের আধিপত্য প্রতিষ্ঠিত হতে থাকার বাস্তবতায় ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে তিনি দলটির প্রথম সভাপতি হন। তার নেতৃত্বে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক অধিকার রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে জায়গা পায়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান রাজনৈতিক সংগঠনে পরিণত হলেও তার প্রাথমিক সাংগঠনিক ইতিহাসে ভাসানীর অবদান অস্বীকার করার উপায় নেই।
১৯৫২ সালের ভাষা আন্দোলনকে শুধু ভাষার প্রশ্ন হিসাবে দেখেননি মওলানা। তিনি পাকিস্তানি রাষ্ট্রের একক জাতীয় পরিচয় চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ করে বিজয় লাভ করেন, যা প্রমাণ করেছিল, পূর্ব বাংলার মানুষ মুসলিম লীগের শাসন ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও বিজয়ী হতে পারে।
১৯৫৭ সালের কাগমারী সম্মেলন ভাসানীর রাজনৈতিক জীবনের একটি বিশেষ অধ্যায়। সেখানে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, অর্থনৈতিক বৈষম্য, পররাষ্ট্রনীতি এবং সাম্রাজ্যবাদী সামরিক জোটের প্রশ্ন সামনে আসে। প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পশ্চিমাপন্থি পররাষ্ট্রনীতির সঙ্গে ভাসানীর মতপার্থক্য ছিল মৌলিক। ভাসানী মনে করতেন, পাকিস্তানের পররাষ্ট্রনীতি যদি বৃহৎ শক্তির সামরিক জোটের অধীন হয়ে পড়ে, তাহলে পূর্ব বাংলার মানুষের স্বাধীন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সংকুচিত হবে। কাগমারীতে পশ্চিম পাকিস্তানি শাসকদের উদ্দেশে তার ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ পরবর্তী সময়ে পূর্ব বাংলার স্বাধিকার সম্ভাবনার প্রতীকী রাজনৈতিক বার্তা ছিল। একই বছর সোহরাওয়ার্দীর সঙ্গে মতাদর্শিক পার্থক্যের কারণে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে উদার, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।
ভাসানীকে মনে রাখার আরেকটি কারণ তার আন্দোলন সংগঠনের ক্ষমতা। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন যখন বিস্তৃত হচ্ছিল, তখন ভাসানী সাধারণ মানুষকে রাজপথে সংগঠিত করতে ভূমিকা রাখেন। ১৯৬৮ সালের ৭ ডিসেম্বর ঢাকায় হরতাল আহ্বানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিনি আন্দোলনের গতি বাড়াতে সহায়তা করেন। তার রাজনীতি সংসদীয় রাজনীতির বাইরে থেকেও জনমত সংগঠিত করতে পারত। তিনি বুঝতেন, রাষ্ট্রক্ষমতা কেবল নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে না, সংগঠিত জনগণের চাপও ক্ষমতার হিসাব বদলে দিতে পারে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভাসানী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক জনমত গঠনের চেষ্টা করেন। তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পরও ভাসানী তার প্রতিবাদী অবস্থান থেকে সরে আসেননি। ১৯৭২ সালের পর নতুন রাষ্ট্রের অর্থনৈতিক সংকট, খাদ্যাভাব, প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক কর্তৃত্ববাদ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন ছিল সরকারের প্রতি একটি সরাসরি রাজনৈতিক বার্তা। ১৯৭৫ সালে বাকশালব্যবস্থা প্রবর্তনের বিরুদ্ধেও তার অস্বস্তি ছিল। স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রের চরিত্র কী হবে, জনগণের অধিকার কতটা নিশ্চিত হবে এবং ক্ষমতার ওপর কতটা নিয়ন্ত্রণ থাকবে-এসব প্রশ্ন তিনি তুলেছিলেন। স্বাধীন রাষ্ট্রে মানুষের জীবনমান ও অধিকার নিশ্চিত না হলে স্বাধীনতার প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায়-এ কথাই তার রাজনীতি মনে করিয়ে দেয়।
১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা লংমার্চ তার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। গঙ্গার পানিবণ্টন ও ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের নদী, কৃষি ও জনজীবনের ওপর যে চাপ তৈরি হচ্ছিল, তার বিরুদ্ধে তিনি জনমত সংগঠিত করেন। বয়স ও অসুস্থতা সত্ত্বেও এ কর্মসূচিতে তার নেতৃত্ব বাংলাদেশের পানি অধিকারকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ফারাক্কা লংমার্চ ছিল প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের মানুষের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার দাবি। ১৯৭৭ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং পরবর্তী কূটনৈতিক আলোচনার সঙ্গে এ জনমত গঠনের সম্পর্ক রয়েছে।
ভাসানীর রাজনীতিতে ধর্মীয় বিশ্বাস, সামাজিক সাম্য এবং শোষণবিরোধী অবস্থানের একটি স্বতন্ত্র সমন্বয় ছিল। তার ধর্মচর্চা তাকে দরিদ্র মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন করেনি। আবার ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের একমাত্র ভিত্তি হিসাবেও তিনি দেখেননি। ধর্মীয় বা শ্রেণিগত রাজনীতির অবসানের জন্য তার কাছ থেকে মানবিক, গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকটি শিখতে হবে।
মওলানা ভাসানীকে কোনো একটি দলের একক উত্তরাধিকার বলে দাবি করা ইতিহাসের প্রতি সুবিচার নয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে তার অবদান রয়েছে। ন্যাপের প্রতিষ্ঠাতা হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ। বামপন্থি রাজনীতি, কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, আধ্যাত্মবাদী-মরমি ধর্মচেতনা-সবখানেই তার উপস্থিতি উজ্জ্বল এবং সমন্বয়মূলক। তাকে একক কোনো দলে বা বৃত্তে আটকে রাখলে তার রাজনৈতিক জীবনের বৃহত্তর অভিব্যক্তিগুলো আড়ালে থেকে যাবে। একইভাবে তাকে শুধু বামঘেষাঁ ‘লাল মওলানা’ কিংবা শুধু আন্দোলনরত ‘মজলুম জননেতা’ বলে পরিচিত করলেও তার নানামুখী রাজনৈতিক ব্যক্তিত্ব বোঝা সম্ভব হবে না। তাকে বুঝতে হবে একজন জাতীয় নেতা হিসাবে, যার যাবতীয় কার্যক্রম ছিল এদেশের মানুষ, সমাজ, ধর্ম, রাজনীতি ও অর্থনীতি তথা জাতীয় স্বার্থের পক্ষে।
মওলানা ভাসানীকে সঠিক ও পূর্ণাঙ্গভাবে অনুধাবনের সঠিক পটভূমি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব রয়েছে। তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আর্কাইভগুলোকে তার জীবন ও রাজনীতি নিয়ে নির্ভরযোগ্য দলিল সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে গড়ে তোলা দরকার। তার চিঠিপত্র, বক্তৃতা, রাজনৈতিক প্রচারপত্র, সমসাময়িক সংবাদপত্র এবং আন্দোলনের দলিল উন্মুক্ত করতে হবে পাঠক, গবেষকদের জন্য। মওলানা ভাসানী আর্কাইভের মতো উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে দলিলভিত্তিক গবেষণা হলে একদিকে যেমন অবদান সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে, অন্যদিকে তার জীবন ও কর্মের রাজনৈতিক বিশ্লেষণ ও ঐতিহাসিক ব্যাখ্যা তৈরি হবে।
পঞ্চাশ বছর পর ভাসানীকে মনে রাখার সবচেয়ে বড় কারণ সম্ভবত এটিই যে, তিনি আমাদের সামনে রাজনীতির একটি মৌলিক প্রশ্ন রেখে গেছেন-রাষ্ট্র কার জন্য? ক্ষমতাসীনদের জন্য, নাকি সাধারণ মানুষের জন্য? স্বাধীনতা কি কেবল জাতীয় পতাকা, ভূখণ্ড ও সার্বভৌমত্বের বিষয়, নাকি মানুষের খাদ্য, মর্যাদা, অধিকার ও ন্যায়বিচারের নিশ্চয়তাও এর অংশ? এ প্রশ্নগুলোর উত্তর আজও বাংলাদেশের রাজনীতি দিতে পারেনি।
ভাসানীকে স্মরণ করা তাই কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলি নয়। তাকে স্মরণ করা মানে কৃষকের ন্যায্য অধিকার, শ্রমিকের মর্যাদা, রাষ্ট্রের জবাবদিহি, জাতীয় সার্বভৌমত্ব এবং সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে ন্যায্য অবস্থানের প্রশ্নগুলোকে সামনে এনে তার জীবন ও রাজনীতি থেকে সত্যিকার শিক্ষা নেওয়া। ভাসানীকে মনে রাখব-কারণ তিনি আমাদের শিখিয়েছিলেন, ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতির একমাত্র সাফল্য নয়। ক্ষমতার সামনে দাঁড়িয়ে মানুষের পক্ষে কথা বলাও রাজনীতির বড় দায়িত্ব। মওলানা ভাসানীর মৌলিক শিক্ষাই হলো ক্ষমতামুখী রাজনীতিকে দায়িত্বমুখী রাজনীতিতে উত্তীর্ণ করা, যা আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।
ড. মাহফুজ পারভেজ : প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)
