নিউইয়র্কের চিঠি
নিউইয়র্ক পুলিশের বাড়তি বলপ্রয়োগের ক্ষমতা হ্রাস
আনোয়ার হোসেইন মঞ্জু
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত এক দশকের বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) একটি বিশেষ ইউনিটের এখতিয়ার ছিল কোনো বিক্ষোভ সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না মনে হলে তা দমন করতে টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহারের মতো আক্রমণাত্মক কৌশল গ্রহণের। এমনকি এ গ্রুপের সদস্যরা পিস্তলের মতো ছোট আকৃতির আগ্নেয়াস্ত্র ছাড়াও ভীতি উদ্রেককারী দীর্ঘাকৃতির আগ্নেয়াস্ত্র বহন করতে পারত। ২০১৫ সালে ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) নামে সিটি পুলিশের এ দলটি গঠনের পর থেকে বিভিন্ন সময়ে বিক্ষোভ দমনের নামে অতিরিক্ত পীড়নমূলক ও মানবাধিকার লঙ্ঘনকারী সামরিক ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য বিতর্কিত ও সমালোচিত ছিল। বছরের পর বছর ধরে এ ইউনিটটির বিরুদ্ধে প্রচুর অভিযোগ, মামলা এবং ব্যয়বহুল আইনি নিষ্পত্তিও হয়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইউনিটটির সদস্যদের বিরুদ্ধে সাড়ে সাতশর বেশি অভিযোগ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল অনেক। মামলাগুলোর ৯১ শতাংশই করা হয়েছিল কৃষ্ণাঙ্গসহ অশ্বেতাঙ্গদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এসআরজির বর্ণ-বিদ্বেষমূলক আচরণ ও বলপ্রয়োগের অভিযোগে। মাত্র ৯ শতাংশ অভিযোগ করেছিল শ্বেতাঙ্গ ভুক্তভোগীরা। শুধু ২০২০ সালের কয়েকটি বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ ও অসদাচরণের জন্য ৪৬ জন ‘এসআরজি’ সদস্যের বিরুদ্ধে ২৯২টি অভিযোগ করা হয়েছিল।
নিউইয়র্ক সিটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ইউনিয়নসহ ‘এসআরজি’র সমর্থকরা দাবি করতেন, পুলিশের এ ইউনিটের বিশেষায়িত প্রশিক্ষণই ইউনিটকে সহিংস বিক্ষোভ মোকাবিলায় সবচেয়ে উপযুক্ত করে তুলেছিল; কিন্তু তাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অভিযোগ এবং অভিযোগ নিষ্পত্তিতে সিটি কর্তৃপক্ষকে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে। সমালোচিত হওয়ার পাশাপাশি ‘এসআরজি’ সিটির ওপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছিল। ২০১৫ সালে যখন ‘এসআরজি’ গঠন করা হয়, তখন এ ইউনিটের জন্য বার্ষিক বাজেট ছিল ১.৬৬ বিলিয়ন ডলার। ২০২৫ সালে এসআরজির বাজেট বেড়ে দাঁড়ায় ২.৭১ বিলিয়ন ডলারে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গত ১৬ নভেম্বর এনওয়াইপিডির এ বিশেষ গ্রুপের বিলুপ্তি ঘোষণা করে তার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করেছেন। এর মাধ্যমে পুলিশের বিক্ষোভ মোকাবিলা কার্যক্রমকে সন্ত্রাসবাদ দমন থেকে কার্যকরভাবে পৃথক করা হয়েছে এবং সিটি প্রশাসনকে বাড়তি আর্থিক চাপ থেকে রক্ষা করেছে।
প্রায় পাঁচশ সদস্যের ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ বিলুপ্ত করার পাশাপাশি বিক্ষোভ মোকাবিলায় একটি সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করতে এনওয়াইপিডি এবং মেয়রের কমিউনিটি সেফটি অফিসে নতুন সংলাপকেন্দ্রিক ইউনিট স্থাপন করা হবে বলে জানানো হয়েছে, যা নিউইয়র্কবাসীর জন্য স্বস্তিদায়ক। পুলিশের নতুন যে ইউনিট গঠন করা হবে, তাদের অস্ত্র বহন করার অথবা কাউকে গ্রেফতারের ক্ষমতা থাকবে না। এ ইউনিটে সতর্কতার সঙ্গে বাছাই করা অফিসারদের নিয়োগ করা হবে, বিক্ষোভ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ওপর যাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মামদানি প্রশাসনের মতে, পুলিশ বিভাগের সংস্কার পদক্ষেপ জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আবশ্যক ছিল, যা তার কট্টর সমালোচকরা তিনি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে চাপ সৃষ্টি করে আসছিলেন।
নিউইয়র্ক সিটির মতো একটি কসমোপলিটান নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত নিউইয়র্ক পুলিশ বিভাগের আকার বিশাল ও বৈচিত্র্যময়। বর্তমানে নিউইয়র্ক পুলিশের ইউনিফর্মধারী সদস্য সংখ্যা প্রায় ৩৪ হাজার, যাদের ২৭ শতাংশ নারী। সরকারি হিসাবে ৮৫ লাখ নিউইয়র্কবাসীর প্রতি ২৩৬ জনে একজন পুলিশ সদস্য নিয়োজিত। ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সিটির পুলিশ বিভাগে আরও প্রায় ১০ হাজার সাধারণ কর্মচারী রয়েছে। জনশক্তি ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় নিউইয়র্ক পুলিশের বার্ষিক বাজেটের পরিমাণ ১১ বিলিয়ন ডলারের বেশি।
জননিরাপত্তা নিশ্চিত করার এত আয়োজন সত্ত্বেও নিউইয়র্ক মহানগরী কি পুরোপুরি অপরাধমুক্ত? আদৌ তা নয়। অসংখ্য জাতিগোষ্ঠীর লোকের বসবাস নিউইয়র্কে এবং অপরাধের ধরনও বিচিত্র। পুলিশের কাছে বছরে প্রায় দেড় লাখ অপরাধ সংঘটনের অভিযোগ পড়ে এবং বিভিন্ন অপরাধে বার্ষিক গড়ে এক লাখ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজনদের আদালতে হাজির করা হলে অধিকাংশই জামিন পেয়ে যায়। পুলিশের অভিযোগ হলো, তাদের তালিকাভুক্ত বহু দাগি আসামি বারবার অপরাধ করে গ্রেফতার হলেও আদালত তাদের জামিন দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পুলিশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, এমনকি পুলিশের ওপর চড়াও হতেও দ্বিধা করে না। নগরীর পুলিশ ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থার সংস্কার দাবি করে এলেও তাদের দাবি বাস্তবায়িত না হওয়ায় অপরাধী গ্রেফতার ও অনায়াসে তাদের জামিন লাভ অনেকটা ‘চোর পুলিশের খেলার’ মতো হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে পুলিশের মধ্যে হতাশাও বিরাজ করছে।
এ নগরীতে হত্যাকাণ্ড, বন্দুকযুদ্ধের মতো ঘটনা অহরহ ঘটে। সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীকে সজোরে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের সামনে ফেলে দিয়ে হত্যা, বিনা কারণে এলোপাতাড়ি গুলি চালিয়ে অথবা ছুরিকাঘাতে নিরীহ মানুষকে হতাহত করার ঘটনা এবং নগরীর কিছু এলাকা, যেগুলো প্রধানত কৃষ্ণাঙ্গ জনঅধ্যুষিত, সেসব স্থানে মাঝে-মধ্যেই বিবদমান গ্রুপের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধ, যা ‘গ্যাং ওয়ার’ হিসাবে পরিচিত-এসব যেন চলমান এক প্রক্রিয়া। পুলিশি অভিযানেও এ ধরনের ঘটনা দমন করা সম্ভব হয় না। বরং এমন অভিযোগও আছে যে, পুলিশ ‘গ্যাং ওয়ারে’র মতো ঘটনা এড়িয়ে যাওয়ার কারণে নগরীর জননিরাপত্তা যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ ধরনের ঘটনা পুলিশের এড়িয়ে যাওয়ার প্রধান কারণ পুলিশ বিবদমান গ্রুপের মধ্যে গুলির ঘটনার খবর পেয়ে সাড়া দিতে ঘটনাস্থলে পৌঁছার পর অনেক ক্ষেত্রে বন্দুকধারীরা পুলিশের ওপর গুলি করতে দ্বিধা করে না।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত এগারো বছরে দায়িত্ব পালনকালে নিউইয়র্ক পুলিশের ৫৬ জন সদস্য নিহত হয়েছেন। বেশির ভাগই নিহত হয়েছেন গুলিতে। অবশ্য একই মেয়াদকালে নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ১০০ জনের বেশি মানুষ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একক বছর হিসাবে ২০২২ সালে পুলিশের গুলিতে সর্বোচ্চ ১৩ জন নিহত হয়েছে। ২০২৫ সালে ‘গ্যাং ওয়ার’ এবং অন্যান্য ঘটনায় নিউইয়র্কে নিহত হয়েছিল ২৩০ জন।
পুলিশের গুলিতে সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে দুজন বাংলাদেশি তরুণের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা ঘটেছে ২০২৪ সালের মার্চে। কুইন্স বরোর সাউথ ওজোন পার্কে উইন রোজারিও নামে মানসিক অসুস্থ উনিশ বছর বয়সি বাংলাদেশি তরুণ অস্থির আচরণ শুরু করলে তার মা ৯১১-এ ফোন করেন। পুলিশ এসে তাকে ঘরের মধ্যে একটি কাঁচি হাতে মারমুখী অবস্থায় দেখতে পায়। তাকে কাঁচি ফেলে দিতে বললে তিনি কাঁচি ফেলে না দেওয়ায় পুলিশ তাকে গুলি করে। ঘটনাস্থলেই উইন রোজারিও নিহত হন। দ্বিতীয় ঘটনা ঘটে চলতি বছরের জানুয়ারিতে। জাবেজ চক্রবর্তী নামে বাইশ বছর বয়সি এক বাংলাদেশি তরুণ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন। ঘটনার দিন তিনি বাড়িতে বাড়াবাড়ি ধরনের আচরণ শুরু করলে তার পরিবার অ্যাম্বুলেন্সের জন্য ৯১১-এ ফোন করে। পরিবারের এক সদস্য দরজা খোলার পর দুজন পুলিশ সদস্য বাড়িতে প্রবেশ করেন। জাবেজ চক্রবর্তী একটি ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে এলে তারা তাকে ছুরি ফেলে দিতে বলেন। চক্রবর্তী তাদের নির্দেশে সাড়া না দিলে পুলিশের এক সদস্য পরপর চারটি গুলি ছুড়লে তিনি নিহত হন। দুটি হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে বাংলাদেশি অভিবাসীসহ দক্ষিণ এশীয় অধিকার গোষ্ঠীগুলো ব্যাপক নিন্দা জানিয়েছে এবং বিক্ষোভ প্রদর্শন করে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালে পুলিশের অসদাচরণ সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য নিউইয়র্ক পুলিশ বিভাগ বাদীপক্ষকে ১১৭ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করেছে। এ ধরনের ক্ষতিপূরণ পরিশোধ পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা পালন করে বলে সিটি প্রশাসন দাবি করলেও এটি নগরীর করদাতাদের ওপর আর্থিক বোঝা আরোপ করে।
আনোয়ার হোসেইন মঞ্জু : সিনিয়র সাংবাদিক
