লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন
তাকে হারাতে চান না ববিতা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রেন টিউমারে আক্রান্ত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। চলছে টার্গেট থেরাপি ও ওরাল কেমো। অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এবার এ অভিনেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বলেছেন, এখনই তাকে হারাতে চান না। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে দেন। অভিনয় জীবনে ইলিয়াস কাঞ্চনের অভিষেক হয়েছিল সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমায় নায়িকা হিসাবে পেয়েছিলেন ববিতাকে। এটি ১৯৭৭ সালের ৩০ ডিসেম্বর মুক্তি পায়। অভিষেক সিনেমা দিয়েই আলোচনায় আসেন ইলিয়াস কাঞ্চন। এরপর তারা জুটি বেঁধে ‘ডুমুরের ফুল’, ‘সুন্দরী’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘শেষ উপহার’, ‘সাক্ষী’, ‘একজন বিদ্রোহী’সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন। বলা যায়, ঢাকাই সিনেমার আলোচিত জুটি ছিলেন তারা। এদিকে ববিতা বর্তমানে অবস্থান করছেন কানাডায়। সেখান থেকে কাঞ্চনের জন্য দোয়া চেয়ে বলেন, ‘খবরটি শোনার পর থেকেই ভীষণ খারাপ লাগছে। তবে এরইমধ্যে অপারেশন হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সুস্থ করে দেবেন। সবার কাছে আমি দোয়া চাই তার জন্য, যেন সৃষ্টিকর্তা তাকে দ্রুত পুরোপুরি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। ঢাকার সিনেমায় তার যেমন অবদান রয়েছে, অনুরূপভাবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধেও তার অনেক বড় ভূমিকা রয়েছে। এটা সত্যিই প্রশংসনীয়।’ উল্লেখ্য, এ পর্যন্ত তিনশরও অধিক সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। আলমগীর কবির পরিচালিত ‘পরিণীতা’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৮৬ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শাস্তি’ সিনেমার পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তাকে একই পুরস্কার দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও তিনি জড়িত। যৌথভাবে প্রথম সিনেমা প্রযোজনা করেন ‘স্বর্পরানী’। তার প্রথম একক প্রযোজিত সিনেমা ‘বাদশা ভাই’। তার পরিচালিত সিনেমা হচ্ছে ‘বাবা আমার বাবা’ (মুক্তি ২০০৮ সাল) ও ‘মায়ের স্বপ্ন’ (মুক্তি ২০১০ সাল)। এদিকে সড়কপথে সাধারণ মানুষের নিশ্চিত জীবনের লক্ষ্যে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর থেকে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে যাচ্ছেন এ অভিনেতা নায়ক। নিসচা (নিরাপদ সড়ক চাই)-এর চেয়ারম্যান তিনি।
