Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ডয়চে ব্যাংকের নথি ফাঁস

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

জার্মানির ডয়চে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং ক্ষমতাধর আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে ব্যাংকটির লেনদেনের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের সমন্বয়ে প্রকাশিত ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ অনুসন্ধানী প্রতিবেদনটি জার্মানির বৃহত্তম ব্যাংকটিকে আবারও আলোচনায় এনেছে। অর্থপাচার প্রতিরোধে ব্যর্থতার কারণে সুনাম পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল ব্যাংকটি।

এ ঘটনায় এখন পর্যন্ত যেসব তথ্য জানা গেছে, তা তুলে ধরা হলো।

কী ফাঁস হয়েছে এবং কীভাবে?

ফাঁস হওয়া নথিতে লাখ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী এবং অভ্যন্তরীণ প্রতিবেদন রয়েছে। লে মঁদসহ অনুসন্ধানে অংশ নেওয়া সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দুই তথ্য ফাঁসকারীর মাধ্যমে এসব নথি প্রকাশ্যে এসেছে। তাদের নিরাপত্তার স্বার্থে পরিচয় ও প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার তথ্য গোপন রাখা হয়েছে।

ওই দুই ব্যক্তি সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, তাদের বিশ্বাস, ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আর এ কারণেই জনস্বার্থে নথিগুলো প্রকাশ করা প্রয়োজন বলে তারা মনে করেছেন।

ভারতীয় সাংবাদিক জোসি জোসেফ ও দক্ষিণ আফ্রিকার সাংবাদিক খাদিজা শারিফ এসব নথি সংগ্রহ করেন। পরে তারা প্রায় ৫০টি সংবাদমাধ্যমের ২৩০ জনের বেশি সাংবাদিকের সঙ্গে নথিগুলো ভাগ করে নেন। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে ডের স্পিগেল, ফিন্যান্সিয়াল টাইমস ও নিউইয়র্ক টাইমস। আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ অনুসন্ধান চালানো হয়।

ফাঁস হওয়া নথির মধ্যে রয়েছে প্রায় ৯০ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী, যথাযথ যাচাইসংক্রান্ত প্রতিবেদন এবং আর্থিক অপরাধবিষয়ক প্রতিবেদন। এসব নথি ২০১০-এর দশকের শুরুর দিকের। এর অনেকগুলোই ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তের অংশ ছিল।

তথ্য ফাঁসকারীরা এসব তথ্য যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলি ও আর্থিক অপরাধবিষয়ক কর্তৃপক্ষের কাছেও দিয়েছেন। এসব নথির ভিত্তিতে ওয়াশিংটন ব্যাংকটির বিরুদ্ধে মামলা করলে তারা পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন। লে মঁদ জানিয়েছে, সাংবাদিকদের কাছ থেকে ওই তথ্য ফাঁসকারীরা কোনো অর্থ নেননি। নথিগুলো কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়েও তারা কোনো শর্ত দেননি।

ডয়চে ব্যাংক বলেছে, অনুসন্ধানে উত্থাপিত উদ্বেগের বিষয়গুলো ‘বহু বছর আগের’। এরপর থেকে ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করেছে। এ ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক প্রভাব পড়বে বলেও তারা মনে করছে না। ব্যাংকটির চেয়ারম্যান প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান জেভিংয়ের প্রতি পরিচালনা পর্ষদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ২০১৮ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন।

এক বিবৃতিতে ডয়চে ব্যাংক বলেছে, ‘বর্তমানে ডয়চে ব্যাংক আগের চেয়ে ভিন্ন একটি ব্যাংক।’


ট্রাম্প সম্পর্কে ফাঁস হওয়া নথিতে কী আছে?

নথিতে ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৩০ লাখ ডলারের বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাশিয়া ও আজারবাইজানের সন্দেহভাজন অর্থপাচার নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও রয়েছে।

১৯৯০-এর দশকের শুরুর দিকে ট্রাম্পের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো একের পর এক দেউলিয়া হওয়া ও ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরও বছরের পর বছর তাকে ঋণ দিয়েছে ডয়চে ব্যাংক। ২০২১ সালের জানুয়ারি নাগাদ ব্যাংকটি তার সবচেয়ে বড় ঋণদাতা হয়ে ওঠে। তখন ট্রাম্পের প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির প্রায় ৩৪ কোটি ডলার ঋণ বকেয়া ছিল।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ওই মাসেই ব্যাংকটি ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে। এর আগে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় এমন বিক্ষোভকারীরা, যারা প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি ঠেকাতে চেয়েছিল। ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে তার বিরুদ্ধে কারচুপি করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ডয়চে ব্যাংক ভুলবশত তার করসংক্রান্ত একটি নথি অন্য এক গ্রাহকের হিসাবরক্ষকের কাছে পাঠিয়ে দিয়েছিল। ব্যাংকটি কখনোই তাকে এ ভুলের কথা জানায়নি।

মঙ্গলবার আসিয়ান সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় অবস্থানকালে এ তথ্য প্রকাশের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ব্যাংকটির ওই তথ্য প্রকাশ করা উচিত হয়নি।

তিনি বলেন, ‘তাদের এটা করা উচিত হয়নি। এ ধরনের তথ্য প্রকাশ করা বেআইনি।’

ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে ডয়চে ব্যাংক।

ফাঁস হওয়া নথিতে আরও দেখা গেছে, ট্রাম্পের ব্যাংক হিসাবগুলো বিশেষ নজরদারির আওতায় রেখেছিল ডয়চে ব্যাংক। এসব হিসাব পরিচালনার বিষয়টি আগেও তদন্ত ও সমালোচনার মুখে পড়েছে।

২০১৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছিল ডয়চে ব্যাংক। সে সময় ব্যাংকটি বলেছিল, এ ধরনের উদ্বেগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর ক্ষেত্রে তাদের কোনো তদন্তকারীকে বাধা দেওয়া হয়নি।


এপস্টেইন সম্পর্কে ফাঁস হওয়া নথিতে কী আছে?

ফাঁস হওয়া নথিতে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য রয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ পর্যায়ে এসব লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সিনেটের তদন্তে ব্যাংকগুলোর উপেক্ষা করা বা কর্তৃপক্ষকে না জানানো লেনদেনের যে পরিমাণ আগে শনাক্ত করা হয়েছিল, নতুন নথিতে পাওয়া অর্থের পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। আগস্টে সিনেটের তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় ডয়চে ব্যাংকের এক মুখপাত্র এপস্টেইনের সঙ্গে ব্যাংকটির ‘অতীতের সম্পর্ক’ নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের অর্থলগ্নিকারী এপস্টেইন ২০১৩ সালে ডয়চে ব্যাংকের গ্রাহক হন। এর পাঁচ বছর আগে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে পতিতাবৃত্তিতে নিয়োজিত করার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত ব্যাংকটির গ্রাহক ছিলেন এপস্টেইন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়।

নতুন ফাঁস হওয়া নথির অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা যায়, এপস্টেইনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে গ্রাহক হিসেবে অনুমোদন দিয়েছিলেন। এমনকি তার সাবেক প্রেমিকা ও সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা পাওয়ার পরও এপস্টেইনের ব্যাংক হিসাবগুলো চালু রেখেছিলেন তারা।

২০২১ সালে কিশোরীদের যৌন নির্যাতনে এপস্টেইনকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত হন ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

ফাঁস হওয়া নথিতে এপস্টেইনের ধনাঢ্য সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও রয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রাইভেট ইক্যুইটি খাতের ধনকুবের লিওন ব্ল্যাক এবং ওয়াল স্ট্রিটের অর্থলগ্নিকারী গ্লেন ডুবিন।

এর আগে ব্ল্যাকের প্রতিষ্ঠানের নিয়োগ করা এক পর্যালোচনায় দেখা গিয়েছিল, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে কর ও সম্পত্তি পরিকল্পনাবিষয়ক পরামর্শের জন্য তিনি এপস্টেইনকে ১৫ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিলেন। ব্ল্যাক এপস্টেইনের সঙ্গে নিজের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। কিশোরী ও তরুণীদের ওপর এপস্টেইনের নির্যাতন সম্পর্কে অবগত থাকার কথা বারবার অস্বীকার করেছেন তিনি।

এপস্টেইন-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন পরিচালনার কারণে ব্যাংকটি ২০ কোটি ডলারের বেশি জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার কয়েক বছর পর এ নথি ফাঁসের ঘটনা ঘটল।

২০২০ সালে এপস্টেইনসহ উচ্চঝুঁকির গ্রাহকদের বিষয়ে বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলো ডয়চে ব্যাংককে ১৫ কোটি ডলার জরিমানা করেছিল। সে সময় তারা জানতে পেরেছিল, ব্যাংকটিতে এপস্টেইনের ৪০টির বেশি হিসাব ছিল।

২০২৩ সালে এপস্টেইনের হাতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলা নারীদের করা একটি মামলা নিষ্পত্তিতে ৭ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয় ব্যাংকটি।


ফাঁস হওয়া নথিতে আর কার কার নাম রয়েছে?

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত রাশিয়ায় ডয়চে ব্যাংকের ব্যবসায়িক লেনদেনের বিস্তারিত তথ্যও রয়েছে নথিতে। ব্যাংকটির কয়েকজন ব্যবস্থাপক উদ্বেগ প্রকাশ করলেও এসব লেনদেন অব্যাহত ছিল।

নথিতে ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট ধনী গ্রাহকদের সঙ্গে ব্যাংকটির ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখা নিয়ে আগে প্রকাশ না পাওয়া অভ্যন্তরীণ সতর্কবার্তাও রয়েছে। এসব গ্রাহকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও অর্থপাচারসংক্রান্ত উদ্বেগ ছিল।

নথিতে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে আছেন রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচ। তিনি ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক। এ ছাড়া রয়েছেন অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কা। ২০২২ সালে যুক্তরাজ্য এ দুজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নথিতে আরেক ধনকুবের সুলেইমান কেরিমভের নামও রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও নথিতে পাওয়া গেছে। গত জানুয়ারিতে মারা যান রিফাত। সিরিয়ার রাষ্ট্রীয় তহবিল সরিয়ে নেওয়া অর্থ দিয়ে কয়েক মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তি কেনার দায়ে ২০২০ সালে ফ্রান্সে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

সারকোজি-লিবিয়া কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়েও নথি রয়েছে। ওই ঘটনায় ২০০৭ সালের নির্বাচনী প্রচারের জন্য প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকারের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টার দায়ে ২০২৫ সালে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন বার্তা

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

যুক্তরাষ্ট্র-ইরান কি ফের যুদ্ধে জড়াচ্ছে?

‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে?

ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে?

প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প-পুতিন-জিনপিং

প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প-পুতিন-জিনপিং

হরমুজে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

আরও পড়ুন

ডয়চে ব্যাংকের নথি ফাঁস ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

স্বর্ণের দামে ফের বড় পতন

স্বর্ণের দামে ফের বড় পতন

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বিভ্রাটের ঘটনায় সাইবার হামলার শঙ্কা নাকচ

বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল পরিষেবায় বিভ্রাটের ঘটনায় সাইবার হামলার শঙ্কা নাকচ

এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

এত কম স্বর্ণের দাম এক বছরেও দেখা যায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম