Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাভভর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

রাভভর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৪

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা ক্যাডেট কলেজে হামলার পর একজন পাকিস্তানি সৈন্য পাহারা দিচ্ছে। ফাইল ছবি

Advertisement

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দিবাগত রাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান কর্তৃপক্ষ। 

২ হাজার ৫৭৪ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা বরাবর অবস্থিত আফগানিস্তানের শহর স্পিন বোলদাক থেকে বাসিন্দারা সারা রাত ধরে পালিয়ে গেছেন।

কান্দাহার শহরের একটি মেডিকেল সূত্র বিবিসি পশতুকে জানিয়েছে, স্থানীয় হাসপাতাল চারজনের মরদেহ গ্রহণ করেছে। অন্যদিকে, পাকিস্তানের দিক থেকে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উভয় পক্ষই রাতভর চার ঘণ্টার এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে। তবে কে প্রথমে গুলি চালায়, তা নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে ‘বিনা উসকানিতে গুলিবর্ষণ’-এর জন্য অভিযুক্ত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, উপযুক্ত এবং তীব্র জবাব দিয়েছে। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্যদিকে, তালেবানের এক মুখপাত্রের দাবি, পাকিস্তান ‘আবারও হামলা শুরু করেছে’ এবং তারা জবাব দিতে বাধ্য হয়েছেন।


এই সংঘাত এমন এক সময়ে শুরু হলো, যখন দুই মাসেরও কম সময় আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল দুই পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের সমাপ্তি, যদিও তারপর থেকে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে।

ইসলামাবাদ সরকার দীর্ঘদিন ধরে আফগানিস্তানের শাসক তালেবানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে হামলা চালায়। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং ‘নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব ব্যর্থতার’ জন্য পাকিস্তান অন্যকে দোষারোপ করে বলে অভিযোগ করে এসেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে উভয় পক্ষের প্রতিনিধিদল বৃহত্তর বিরোধ নিষ্পত্তির জন্য সৌদি আরবে চতুর্থ দফা আলোচনায় মিলিত হয়েছিল। যদিও কোনো চুক্তি হয়নি, তবে সূত্র জানায়, উভয় পক্ষ যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে। সেই ঐকমত্য সত্ত্বেও, এই রক্তক্ষয়ী সংঘাত আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলল।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

আফগানিস্তান নিহত পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ

Advertisement

আরও পড়ুন

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাকিংয়ের শিকার

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু,  এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম