ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
ইসলামাবাদে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'র কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণে এ বৈঠক শুরু হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি'র কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে যৌথ প্রতিরক্ষা অঙ্গীকারগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। আলোচ্যসূচিতে সম্ভাব্য সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য বিনিময়, আকাশ প্রতিরক্ষা সহযোগিতা এবং তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে আন্তঃসমন্বয় (ইন্টারঅপারেবিলিটি) বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
পাশাপাশি, মক্কা চুক্তিকে একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে রূপান্তর এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নের অগ্রগতি নিয়েও অংশগ্রহণকারীরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণ
ইসলামাবাদের এই বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দিয়েছেন। সূত্র জানায়, কমিটিতে তিনটি দেশের প্রত্যেকটি থেকে দু’জন করে প্রতিনিধি রয়েছেন। এছাড়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদও বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে এই কমিটির পূর্ববর্তী বৈঠকগুলো সৌদি আরব ও তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠক শেষে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশের কথা রয়েছে। এ ছাড়া বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী সফররত প্রতিনিধিদলগুলোর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।
এদিকে, এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফররত প্রতিনিধিদলগুলোকে স্বাগত জানাতে শহরের রেড জোন এবং প্রধান সড়কগুলোতে তিন দেশের পতাকা, স্বাগতম সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়েছে।

