Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

Advertisement

ভেনেজুয়েলা ও ইরাককে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ছাড়ার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে ভেনেজুয়েলাকে ওপেকের বার্ষিক সদস্য ফি পরিশোধেও বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে নেওয়া এসব পদক্ষেপের লক্ষ্য ছিল ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে দুটি দেশ। তেলের দাম কৃত্রিমভাবে বেশি রাখার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে জোটটির সমালোচনা করে আসছেন ট্রাম্প। তবে এবার সরাসরি সদস্য দেশগুলোকে জোট ছাড়তে উৎসাহিত করার ঘটনা ওপেকের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই সময় যুক্তরাষ্ট্র উভয় দেশেই তেলের উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে চাইছিল। মার্কিন কর্মকর্তাদের একাংশের আশঙ্কা ছিল, ওপেকের উৎপাদনসীমা ভবিষ্যতে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ এতটাই বেড়েছিল যে চলতি গ্রীষ্মে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হস্তক্ষেপ করেন। বিষয়টি নিয়ে আর চাপ না দিতে তিনি ট্রাম্প প্রশাসনকে রাজি করান বলে এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে।

অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি চলতি গ্রীষ্মে সরকারি এক বৈঠকে ওপেক ছাড়ার সম্ভাবনা তুলে ধরেন। এর আগে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারা তাকে জোট ছাড়ার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করেছিলেন বলে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে।

তবে ইরাকের তেল মন্ত্রণালয় এ প্রস্তাবে আপত্তি জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ওপেকে থাকার এবং প্রয়োজনে জোটের কাছ থেকে উৎপাদনের বরাদ্দ বাড়ানোর চেষ্টা করার পরামর্শ দেন।

দুই দেশের ওপরই যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে। জানুয়ারিতে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরাকের তেল বিক্রির আয় এখনো নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা একটি হিসাবে জমা হয়। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় চালু হওয়া এই ব্যবস্থা এখনো বহাল রয়েছে।

ভেনেজুয়েলার ওপেক সদস্য ফি পরিশোধে যুক্তরাষ্ট্র বাধা দিয়েছিল কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি উত্তর দেয়নি। তবে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা একটি হিসাবে জমা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল কীভাবে ব্যবহার হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে বলে নিশ্চিত করেছে দপ্তরটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘অন্তর্বর্তী ভেনেজুয়েলা সরকারের কাছ থেকে অর্থ ছাড়ের অনুরোধ পায় দপ্তর। এরপর বিদেশি সরকারের আমানত তহবিলের অনুমোদিত ও নিষিদ্ধ ব্যবহারের তালিকার সঙ্গে মিলিয়ে এসব অনুরোধ পর্যালোচনা করা হয়।’

ওই কর্মকর্তা বলেন, চলতি বছরের শুরুর দিকে নিম্নপর্যায়ের মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ওপেক ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করে থাকতে পারেন। তবে ‘উচ্চপর্যায়ের কর্মকর্তারা যেসব বিষয় তুলেছেন, তার মধ্যে এটি ছিল না।’

ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এসব আলোচনার মূল লক্ষ্য ছিল জ্বালানি উৎপাদন ও পরিবহণ বাড়াতে অবকাঠামোর উন্নয়ন, ওপেক নয়।’

এ বিষয়ে ওপেক এবং ভেনেজুয়েলা, ইরাক ও সৌদি আরব সরকারের প্রতিনিধিদের মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো জবাব দেননি।

যুক্তরাষ্ট্রের এসব তৎপরতায় এমনিতেই চাপে থাকা ওপেকের অভ্যন্তরীণ ঐক্য আরও দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত চারটি সদস্য দেশ জোটটি ছেড়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট বিঘ্নের প্রভাবে বিশ্ব তেলের বাজারে ওপেকের অংশীদারত্ব সম্প্রতি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ইরানও ওপেকের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি।

আলপাইন ম্যাক্রোর প্রধান ভূরাজনৈতিক কৌশলবিদ ড্যান আলামারিউ বলেন, ‘ওপেক ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ছে।’

চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত ওপেক ছাড়ার ঘোষণা দেয়। জোটের উৎপাদনসীমা নিয়ে অসন্তোষের কারণে দেশটি এ সিদ্ধান্ত নেয়। এর আগে অ্যাঙ্গোলা ২০২৪ সালে, ইকুয়েডর ২০২০ সালে এবং কাতার ২০১৯ সালে জোট ছেড়েছিল। এসব সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ক্রেতা থেকে প্রতিদ্বন্দ্বী

১৯৬০ সালের সেপ্টেম্বরে বাগদাদে ওপেক প্রতিষ্ঠিত হয়। বিশ্ব তেলের বাজারে কয়েকটি পশ্চিমা তেল কোম্পানির একচ্ছত্র আধিপত্যের বিপরীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তেল উৎপাদনকারী দেশগুলো এ জোট গঠন করে।

ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভেনেজুয়েলার হাত ধরে যাত্রা শুরু করা ওপেকের বর্তমান সদস্যসংখ্যা ১১। রাশিয়াসহ আরও কয়েকটি তেল উৎপাদনকারী দেশের সঙ্গে জোটটির ওপেক প্লাস নামের একটি জোটও রয়েছে। উৎপাদনের সমন্বিত মাত্রা নির্ধারণে নিয়মিত বৈঠক করে তারা।

ব্যবসায়ী ও রাজনীতিক—দুই পরিচয়েই কয়েক দশক ধরে ওপেকের সমালোচনা করে আসছেন ট্রাম্প। তিনি জোটটিকে কার্টেল ও একচেটিয়া ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এটি বিশ্বের অন্য দেশগুলোর কাছ থেকে মুনাফা করছে। তবে গত এক দশকে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। ফলে ওপেকের ক্রেতা থেকে তেলের বাজারের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে দেশটি।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্র মাদুরোকে আটক করার পর ওয়াশিংটনে ভেনেজুয়েলার কর্মকর্তাদের সঙ্গে দেশটির ওপেক ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তবে আলোচনায় কারা অংশ নিয়েছিলেন, তা জানাতে পারেনি সূত্রগুলো।

সূত্রগুলোর দাবি, ট্রাম্প চেয়েছিলেন মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উৎপাদন আবার বাড়িয়ে তুলুক। তার মতে, এতে পশ্চিম গোলার্ধের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। তবে ওপেকের নীতিগত সিদ্ধান্ত এ পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে বলে উদ্বিগ্ন ছিল তার প্রশাসন।

এ অবস্থায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হস্তক্ষেপ করেন এবং বিষয়টি নিয়ে আর চাপ না দিতে ট্রাম্প প্রশাসনকে রাজি করান বলে দুটি সূত্র জানিয়েছে। সৌদি আরব ওপেকের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ এবং জোটটির কার্যত নেতৃত্ব দেয়।

গত আগস্টে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা ওপেক ছাড়বে কি না, তা দেশটির নিজস্ব সিদ্ধান্ত।

এদিকে ইরাকে মার্কিন তেল কোম্পানি এক্সনমোবিল ও শেভরন বড় ধরনের নতুন বিনিয়োগের পরিকল্পনা করছিল। এ সময় চলতি গ্রীষ্মে মার্কিন কর্মকর্তারা ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদির সঙ্গে আলোচনা করেন এবং তাকে ওপেক ছাড়ার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করেন বলে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে।

পরে সরকারি এক বৈঠকে বিষয়টি তোলেন আল-জাইদি। তবে ইরাকের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে জোটে থাকার এবং প্রয়োজনে উৎপাদন কোটা বাড়ানোর চেষ্টা করার পরামর্শ দেন।

সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি আবারও আলোচনায় আসতে পারে। কারণ, ইরাকের ক্ষমতাসীন জোটের কিছু অংশ ওপেক ও ওপেক প্লাস ছাড়ার পক্ষে। তাদের দৃষ্টিতে, জোট দুটি সৌদি আরব ও রাশিয়ার প্রভাবাধীন।

তবে ইরাকের ওপেক সদস্য ফি পরিশোধে বাধা দেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র করেছে—এমন কোনো ইঙ্গিত নেই।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর দেশটির তেল বিক্রির আয় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে জমা রাখার ব্যবস্থা চালু হয়। দুই দশকের বেশি সময় পার হলেও সেই ব্যবস্থা এখনো বহাল রয়েছে।

চলতি বছর ইরাকের সরকার থেকে ইরানের প্রভাব কমানো না হলে দেশটির তেল বিক্রির অর্থ আটকে দেওয়ার হুমকিও দিয়েছিল যুক্তরাষ্ট্র।

‘আরও গুরুত্বপূর্ণ খাতে’ ব্যয়ের যুক্তি

ওপেকের সদস্য ফি সাধারণত প্রতি বছরের প্রথম প্রান্তিকে পরিশোধ করতে হয়। এ অর্থ দিয়ে ভিয়েনায় অবস্থিত ওপেক সচিবালয়ের কর্মীদের বেতন, গবেষণা ও ভ্রমণ ব্যয় মেটানো হয়।

জাতিসংঘের মতো কোনো দেশের অর্থনীতির আকার অনুযায়ী এখানে সদস্য ফি নির্ধারণ করা হয় না। বরং প্রত্যেক সদস্য দেশকে সমান পরিমাণ অর্থ দিতে হয়। বর্তমানে এ ফি প্রায় ২৮ লাখ ইউরো বা ৩০ লাখ ৮০ হাজার ডলার।

ওপেকের তেল বিক্রির আয়ের তুলনায় এ অর্থের পরিমাণ খুবই সামান্য। তবে ভেনেজুয়েলার জন্য এর প্রতীকী গুরুত্ব রয়েছে। কারণ, দেশটি ওপেক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সদস্য ফি পরিশোধের মাধ্যমে জোটের সদস্যপদ বজায় রাখার বিষয়টিও নিশ্চিত হয়।

ভেনেজুয়েলার সঙ্গে ওপেকের সম্পর্ক সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের যুক্তি ছিল, এই অর্থ আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা যেতে পারে।

তবে সদস্য ফি বকেয়া থাকলেও কোনো দেশকে জোট থেকে বহিষ্কার না করার ক্ষমতা ওপেকের রয়েছে। ভেনেজুয়েলাকে এ কারণে বহিষ্কারের কোনো পরিকল্পনাও নেই বলে রয়টার্সকে জানিয়েছেন ওপেকের দুটি সূত্র।

ভেনেজুয়েলার তেল বিক্রির আয় ও আর্থিক ব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কারণে দক্ষিণ আমেরিকার দেশটির কেউ কেউ এখন নিজেদের সার্বভৌম রাষ্ট্রের পরিবর্তে যুক্তরাষ্ট্রের আশ্রিত অঞ্চল হিসেবে উল্লেখ করছেন।

ভেনেজুয়েলার তেল বিক্রির আয় ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে কংগ্রেসের অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তর প্রশাসনের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

ট্রাম্প প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ দেশটির জনগণের প্রয়োজন মেটাতে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে সরকারি কর্মীদের বেতন পরিশোধ ও জরুরি সেবা খাতে অর্থায়ন রয়েছে।

তবে ঠিক কখন যুক্তরাষ্ট্র ওপেকের সদস্য ফি পরিশোধের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

বর্তমানে ওপেক প্লাসের তেল উৎপাদন কোটার বাইরে রয়েছে ভেনেজুয়েলা। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার কারণে দেশটির তেল উৎপাদন ঐতিহাসিক সর্বোচ্চ পর্যায় থেকে অনেক কমে যাওয়ায় এ ছাড় দেওয়া হয়েছে।

ওপেকের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশটি দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, আগামী বছরের শেষ নাগাদ উৎপাদন দৈনিক ১৫ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের।

২০১৭-১৮ সালে সর্বশেষ ভেনেজুয়েলার তেল উৎপাদনে কোটা নির্ধারণ করেছিল ওপেক। সে সময় দেশটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, উৎপাদন আবার ওই পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত দেশটিকে কোটা ব্যবস্থায় ফিরিয়ে আনার সম্ভাবনা কম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

যে শহরে আগামী ২ মাস সূর্য উঠবে না

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

আল-জাজিরার বিশ্লেষণ ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

ট্রাম্পের শুল্ক নীতিতে চাপে ভারত?

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

যৌন কেলেঙ্কারি থেকে গোপন সামরিক চুক্তি, আমিরাত-কুশনারকে ঘিরে বিস্ফোরক তথ্য ফাঁস

আরও পড়ুন

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা ও ইরাককে ওপেক ছাড়তে উৎসাহিত করেছিল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু, এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা চুক্তি কমিটির বৈঠক শুরু,  এবার কোন ইস্যুগুলো গুরুত্ব পাবে?

যুক্তরাজ্যে অভিবাসনের হার গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যে অভিবাসনের হার গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন

‘মিনাবের স্কুলে হামলা কখনো ভুলব না’

‘মিনাবের স্কুলে হামলা কখনো ভুলব না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম