পুতিনের বাড়িতে হামলা চালায়নি ইউক্রেন— দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন কোনো হামলা চালিয়েছে এমনটি বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটি কাটিয়ে ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
রাশিয়ার নভগোরদ অঞ্চলে পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের বাড়ির বেশ কাছাকাছি একটি ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেটির সঙ্গে প্রেসিডেন্টের বাসভবনে হামলার কোনো সম্পর্ক নেই। বিস্তারিত তথ্য না দিলেও তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র বিষয়টি খতিয়ে দেখেছে এবং তারা মনে করে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি।
এর আগে কেন তিনি এই ঘটনার জন্য কিয়েভের নিন্দা জানিয়েছিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, সেই মুহূর্তে বিষয়টি সম্পর্কে কেউ নিশ্চিত ছিল না। পুতিন নিজেই তাকে ফোন করে জানিয়েছিলেন যে তার বাড়িতে হামলা হয়েছে, আর সেটিই ছিল ট্রাম্পের শোনা প্রথম খবর। কিন্তু এখন পরীক্ষা-নিরীক্ষার পর যুক্তরাষ্ট্র এই হামলার সত্যতা নিয়ে সন্দিহান। ট্রাম্প আরও যোগ করেন যে তিনি এখন কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই সংঘাতের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান দেখতে চান।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোরে নভগোরদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ৯১টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে এর আগে দাবি করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তিনি জানিয়েছিলেন, সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন স্বয়ং ট্রাম্পকে ফোন করে এই হামলার বিষয়টি অবহিত করেন এবং হুঁশিয়ারি দেন যে এই উসকানি কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।
এই ঘটনার পর রাশিয়া ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনার ক্ষেত্রে তাদের পূর্ববর্তী অবস্থান পুনর্বিবেচনা করবে বলেও পুতিন মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন।

