অভিবাসন নীতির ভুল স্বীকার করলেন ট্রাম্প
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার প্রশাসনের অভিবাসন নীতি ভোটারদের কাছে অতিরিক্ত কঠোর মনে হয়েছে। অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কারের বিতর্কিত নীতি গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের অন্যতম কারণ হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন।
রোববার (৮ নভেম্বর) প্রচারিত সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান নিয়ে কিছু ভোটার অসন্তুষ্ট ছিলেন। এসব অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভও হয়েছিল।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, নীতিটি হয়তো অতিরিক্ত কঠোর ছিল।’
নতুন ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে অভিবাসন ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও দেখছেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা একটি সমাধানে পৌঁছাতে পারি। আমার মনে হয়, এটি বাস্তবায়ন করা সম্ভব।’
এদিকে সাক্ষাৎকারটি প্রচারের আগে অভিবাসনবিষয়ক কঠোর নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হয়েছেন। এ নিয়োগের পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, ট্রাম্প স্বীকার করেছেন, তার অভিবাসনবিরোধী অভিযান মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। অথচ এর সমাধান হিসেবে তিনি ওই অভিযানের জন্য দায়ী ব্যক্তিকেই হোয়াইট হাউসের দায়িত্ব দিয়েছেন। এটি নীতির পরিবর্তন নয়, বরং পদোন্নতি।
নির্বাচনি প্রচারের সময় ট্রাম্প অভিবাসনবিরোধী কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে অপরাধ বৃদ্ধির জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করে তাদের ‘খুনি’ ও ‘মাদক কারবারি’ হিসেবে উল্লেখ করেছিলেন।
ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসীদের আটক ও বহিষ্কারে ব্যাপক অভিযান শুরু করে তার প্রশাসন। এতে গ্রেফতারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এসব অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হন।
নতুন কংগ্রেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রম তদারকিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ডেমোক্র্যাটরা। সূত্র: আল জাজিরা

