ট্রাম্পের ঘনিষ্ঠদের পেছনে মাসে কোটি টাকা ঢালছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
ট্রাম্পের পোস্টে দেওয়া মোদির প্রশংসা লবিং করে আনা হয়েছিল। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়ে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টটি আয়োজন করেছিল ভারত সরকারের নিয়োগ করা একটি মার্কিন লবিং প্রতিষ্ঠান। এ কাজের জন্য প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার বা প্রায় ৯৩ লাখ টাকা পারিশ্রমিক দিত ভারত।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিপত্রে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ নভেম্বর) এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত সরকার। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার করে দেওয়ার কথা ছিল।
প্রতিষ্ঠানটির মূল দলের সদস্যদের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা প্রতিষ্ঠানটির মূল দলের সদস্য। এ ছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ দিক পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।
ফারার আওতায় জমা দেওয়া নথিতে গত জুনে ট্রাম্পের ওই অভিনন্দন বার্তাকে প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভারত সরকারের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যোগাযোগ তৈরিতে আরেকটি মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির ভূমিকার কথাও উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রধান ট্রাম্পের সহযোগী জেসন মিলার।
নথি অনুযায়ী, গত মে ও জুন মাসে ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এসব যোগাযোগের বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত। ওই বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মী হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।
ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির মাসে দেড় লাখ ডলারের চুক্তি হয়েছিল। এর আওতায় যুক্তরাষ্ট্র সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিংকট্যাংকের সঙ্গে যোগাযোগ এবং নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার কথা ছিল।
নথিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে কয়েকটি ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঙ্গে অংশ নেন।
রুবিওর সফরের পর জুন মাসেও আরও কয়েকটি ফোনালাপের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক উপদেষ্টা ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, ফারা আইনের আওতায় যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজের ধরন, মক্কেল ও প্রাপ্ত অর্থের বিবরণ নিয়মিত প্রকাশ করতে হয়। এসব নথি থেকেই ভারত সরকারের লবিং কার্যক্রমের তথ্য সামনে এসেছে।

