ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন কৌশল নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন সমুদ্রপথে অবরোধ দিয়ে তেহরানের বাণিজ্য ও তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ওয়াশিংটন। এবার নজর পড়েছে স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরের বিকল্প সরবরাহপথে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’। প্রায় ২০ সদস্যের এই বিশেষ দলটির লক্ষ্য ইরানের অস্ত্র, সামরিক প্রযুক্তি ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের সরবরাহ বন্ধ করা। কিন্তু কী এই টাস্কফোর্স? কীভাবে কাজ করবে এটি? আর এর প্রভাবে কতটা বিপাকে পড়তে পারে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা?
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ৭ নভেম্বর ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয়। ফ্লোরিডার টাম্পায় এর সদর দপ্তর স্থাপন করা হয়েছে। দলটিতে প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য রয়েছেন।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে গঠিত এই দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এর আওতায় রয়েছে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতা।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, সামরিক প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে ইরানের অস্ত্র কারখানা পুনর্গঠন, সামরিক মজুত বৃদ্ধি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়নের সক্ষমতা সীমিত করতে চায় ওয়াশিংটন।
কেন নতুন এই টাস্কফোর্স?
ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে নৌ অবরোধ চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর ফলে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও আরব সাগর হয়ে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। তবে সমুদ্রপথে অবরোধ সত্ত্বেও বিকল্প পথে সামরিক সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ আমদানি অব্যাহত রেখেছে তেহরান।
বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ইরান অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী যানবাহন আমদানি করেছে। এসব পণ্যের একটি অংশ রাশিয়া থেকে কাস্পিয়ান সাগর হয়ে জাহাজে, মধ্য এশিয়া থেকে ট্রাকে এবং চীন থেকে পণ্যবাহী বিমানে ইরানে প্রবেশ করেছে।
অর্থাৎ সমুদ্রপথে অবরোধ থাকলেও বিকল্প বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করে সামরিক সরবরাহ চালু রাখতে সক্ষম হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের মূল লক্ষ্য এই বিকল্প পথগুলোও সংকুচিত করা।
কীভাবে কাজ করবে আয়রন গেট?
টাস্কফোর্সটি সরাসরি কোনো স্থলবাহিনী হিসেবে ইরানের সীমান্তে অবস্থান করবে— এমন ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র। বরং বিভিন্ন সরকারি সংস্থা ও গোয়েন্দা বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সরবরাহ নেটওয়ার্ক শনাক্ত এবং সেগুলো বন্ধের ব্যবস্থা করাই এর কাজ।
১. অস্ত্র সরবরাহ বন্ধ: ইরানে উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিস্ফোরক ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রবেশের পথ শনাক্ত করে সেগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
২. সামরিক প্রযুক্তি নিয়ন্ত্রণ: শুধু অস্ত্র নয়, অস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তির সরবরাহও ঠেকানোর চেষ্টা করা হবে।
৩. দ্বৈত ব্যবহারের পণ্যে নজরদারি: এমন কিছু যন্ত্রপাতি রয়েছে, যা সাধারণ শিল্পকারখানায় ব্যবহারের পাশাপাশি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সরঞ্জাম তৈরিতেও কাজে লাগে। এসব পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণে গুরুত্ব দেবে টাস্কফোর্স।
৪. অর্থের প্রবাহ বন্ধ: নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সামরিক ও অর্থনৈতিক কার্যক্রমে অর্থ জোগানোর যেসব নেটওয়ার্ক রয়েছে, সেগুলো শনাক্ত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করা হবে।
সাবেক মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে বলেছেন, ইরানে কোথা দিয়ে অস্ত্র প্রবেশ করছে, কীভাবে সেগুলোর সরবরাহ বন্ধ করা যায় এবং দেশটি কীভাবে জ্বালানি পরিবহন করছে, তা শনাক্ত করাই এই উদ্যোগের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাঁর মতে, এটি মূলত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে ইরানের অর্থনৈতিক সক্ষমতা সংকুচিত করার একটি ব্যবস্থা।
ইরানের কোন কোন সীমান্তে নজর যুক্তরাষ্ট্রের?
ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো— আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান।
এসব দেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বাণিজ্যিক ও যোগাযোগব্যবস্থা রয়েছে। পাশাপাশি কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান ও তুর্কমেনিস্তানের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে।
বিশেষ করে রাশিয়া ও ইরানের মধ্যে কাস্পিয়ান সাগরকেন্দ্রিক যোগাযোগ যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এই পথ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম সরবরাহের তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের ফলে এসব বাণিজ্যিক ও সামরিক সরবরাহ নেটওয়ার্কের ওপর নজরদারি বাড়তে পারে। তবে এসব দেশের সহযোগিতা ছাড়া সব সরবরাহপথ নিয়ন্ত্রণ করা ওয়াশিংটনের জন্য কঠিন হবে।
ইরানের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে?
ইরানের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস জ্বালানি রপ্তানি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি ইতোমধ্যে বড় বাধার মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টকমের দাবি, তাদের নৌ অবরোধের কারণে ইরানের ২৫০০ কোটি ডলারের বেশি অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে। এটি যুক্তরাষ্ট্রের দেওয়া হিসাব; স্বাধীনভাবে যাচাই করা পরিসংখ্যান নয়। এবার স্থলপথেও সরবরাহ বাধাগ্রস্ত হলে ইরানের অর্থনীতিতে কয়েক ধরনের চাপ তৈরি হতে পারে।
প্রথমত, শিল্পকারখানার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কঠিন হবে। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো প্রয়োজনীয় প্রযুক্তি ও উপকরণের সংকটে পড়তে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প পথ সংকুচিত হলে আমদানি ব্যয় বাড়বে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হবে।
বিশেষ করে সামরিক সরঞ্জাম উৎপাদনে বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির ওপর নির্ভরশীলতা থাকলে নতুন অবরোধের প্রভাব আরও বেশি হতে পারে।
রাশিয়ার সঙ্গে নতুন সংঘাতের আশঙ্কা
টাস্কফোর্স আয়রন গেটের কার্যক্রম রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কারণ, কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া থেকে ইরানে সামরিক সরঞ্জাম যাওয়ার অভিযোগ রয়েছে। এই সরবরাহপথে বাধা দেওয়ার চেষ্টা করলে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক বিরোধ বাড়তে পারে।
কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহজুব জুয়েরি আলজাজিরাকে বলেছেন, কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি নেই। ফলে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা ছাড়া সেখানে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন। বিশেষ করে রাশিয়াকে অসন্তুষ্ট করতে চায় না এমন দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়া অনিশ্চিত।
অন্যদিকে বিশ্লেষক রামি খুরি মনে করেন, ইরানের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এসব সম্পর্ক ও বিকল্প সরবরাহ নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে কী বলছে ইরান?
যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির সংবাদ সংস্থা ফার্সের বরাতে আলজাজিরা জানিয়েছে, বাহিনীটির মুখপাত্র সারদার মোহেবি মার্কিন পরিকল্পনাকে 'শব্দের খেলা' বলে অভিহিত করেছেন।
তার দাবি, এই উদ্যোগের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়ার মার্কিন লক্ষ্য অর্জিত হবে না। এর আগেও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে বলে দাবি করেছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি।
তেহরানের এই অবস্থান থেকে স্পষ্ট, নতুন অবরোধের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে দেশটির।
যুদ্ধের মোড় ঘোরাতে পারবে আয়রন গেট?
বিশ্লেষকদের মতে, টাস্কফোর্স আয়রন গেট ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর একটি নতুন কৌশল। তবে এটি একাই দেশটির সামরিক ও অর্থনৈতিক সরবরাহব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
কারণ, ইরানের বিস্তৃত স্থলসীমান্ত, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং এশিয়াজুড়ে বিকল্প সরবরাহ নেটওয়ার্ক রয়েছে। এসব পথের সবগুলো বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রকে একাধিক দেশের সহযোগিতা নিতে হবে।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে। রয়টার্সের ৮ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইরানে হামলার হুমকি দিলেও আলোচনায় অগ্রগতি হলে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন ট্রাম্প। ফলে একদিকে অর্থনৈতিক অবরোধ জোরদার, অন্যদিকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা— দুই পথেই এগোচ্ছে ওয়াশিংটন।

