পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া জাপানিদের বিবৃতি গ্রহণ করল না ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:০৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টোকিওতে অবস্থিত ইসরাইলি দূতাবাস জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের একটি বিবৃতি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। কিয়োডো নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, নাগাসাকি অঞ্চলের চারটি সংগঠনের পক্ষ থেকে এই বিবৃতিটি পাঠানো হয়েছিল, যেখানে ইরান-ইসরাইল যুদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়।
নাগাসাকি অ্যাটমিক বোম্ব সারভাইভারস
কাউন্সিল জানিয়েছে, ডাকবিভাগের মাধ্যমে পাঠানো এই নথিপত্রটি দূতাবাস কর্তৃপক্ষ গ্রহণ
না করে ফেরত পাঠিয়েছে। খামের ওপর ডাকবিভাগের পক্ষ থেকে নোট দেওয়া হয়েছে যে দূতাবাস
এটি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে হিরোশিমা ও নাগাসাকিতে
যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার ভয়াবহতা সশরীরে প্রত্যক্ষ করা এই মানুষগুলো দীর্ঘদিন
ধরে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের আন্দোলনে যুক্ত রয়েছেন।
কাউন্সিলের ৮৫ বছর বয়সী প্রধান
শিগেমিৎসু তানাকা এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেছেন, কোনো কিছু
না পড়েই নথিটি ফেরত পাঠানো হয়েছে, যা থেকে বোঝা যায় তারা কতটা সংকীর্ণমনা হয়ে উঠছে।
যুদ্ধের বিভীষিকা দেখা এই প্রবীণ নাগরিকদের কণ্ঠস্বর এভাবে উপেক্ষা করায় আন্তর্জাতিক
মহলে এবং শান্তিপ্রিয় মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সূত্র: আলজাজিরা।
