ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউরোপের অন্যতম প্রধান অঞ্চলে গুগলের ক্লাউড সার্ভিসে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাজ্যসহ মহাদেশটির বিভিন্ন দেশের অনলাইন সেবা, ব্যাংকিং অ্যাপ এবং বড় ব্র্যান্ডগুলোর কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল প্রায় ৭টা থেকে এই সমস্যার সূত্রপাত হয়। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি অপ্রত্যাশিত ‘পাওয়ার ইভেন্ট’ বা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের ডেটা সেন্টার অঞ্চল তথা ‘ইউরোপ-ওয়েস্ট২’ জোনে এই সমস্যার সূত্রপাত হয়। হুট করে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গুগলের একাধিক ক্লাউড সেবা এবং এর ওপর নির্ভরশীল বিভিন্ন প্ল্যাটফর্ম সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এর প্রভাবে জনপ্রিয় ডিজিটাল ব্যাংক ‘রিভোল্ট’সহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান এবং অনলাইন পরিষেবার ব্যবহারকারীরা সেবা পেতে চরম ভোগান্তির শিকার হন। অনেক গ্রাহক তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পেরে বা লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন।
ঘটনার পর দ্রুত নড়েচড়ে বসে গুগলের প্রকৌশলী দল এবং ত্রুটি সারিয়ে তোলার কাজ শুরু করে। গুগলের স্ট্যাটাস পেজ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সেবাগুলোর কার্যক্রম পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে চালানো হয়েছে এবং বেশিরভাগ ওয়ার্কলোড বা সেবাকে পুনরায় সচল করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের কারণে আধুনিক ডিজিটাল যুগে ক্লাউড অবকাঠামোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং সামান্য কারিগরি ত্রুটিতে কীভাবে বড় বড় আর্থিক ও প্রযুক্তিগত সেবা থমকে যেতে পারে, সেই প্রশ্নটি আবারও সামনে চলে এসেছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস

-6ad76667271f9.jpg)