Logo
Logo
×

Advertisement

সংবাদ

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

ছবি: সংগৃহীত

Advertisement

দৈনন্দিন কাজ ও স্বয়ংক্রিয় এআই কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ হাইড্রোজেন’ উন্মোচন করেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, মডেলটি জেমিনি ৩.৮ ফ্ল্যাশের তুলনায় আড়াই গুণ দ্রুত কাজ করতে পারে। পাশাপাশি এতে ভুল বা মনগড়া তথ্য তৈরির প্রবণতা পাঁচ গুণের বেশি কমেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মডেলটি উন্মোচনের ঘোষণা দেয় গুগল। এটি পর্যায়ক্রমে জেমিনি অ্যাপ ও বিশ্বজুড়ে গুগল সার্চে যুক্ত করা হচ্ছে। 

এ ছাড়া গুগল এআই স্টুডিও ও জেমিনি এপিআইয়ের মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে। ডেভেলপার ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্যও থাকছে বাড়তি সুবিধা।

দৈনন্দিন এআই কাজের জন্য জেমিনি ৪ হাইড্রোজেন

গুগলের ভাষ্য, হাইড্রোজেন তাদের দৈনন্দিন ব্যবহারের উপযোগী এআই মডেল। গবেষণা, লেখালেখি, কোডিং, নথি বিশ্লেষণ ও ইমেইল ব্যবস্থাপনার মতো কাজ সম্পন্ন করার জন্য এটি তৈরি করা হয়েছে।

জেমিনি ৪ সিরিজে হাইড্রোজেনের পাশাপাশি রয়েছে জেমিনি ৪ কার্বন ও জেমিনি ৪ আর্গন। জটিল ও দীর্ঘ সময়ের যুক্তিনির্ভর কাজের জন্য মডেল দুটি তৈরি করা হয়েছে।

গুগলের দাবি, ডিফল্ট সেটিংসে জেমিনি ৩.৮ ফ্ল্যাশের তুলনায় হাইড্রোজেন আড়াই গুণ দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। অংশীদারদের পরিচালিত জটিল গ্রাফ, এসকিউএল এবং বিপুল তথ্যনির্ভর প্রাতিষ্ঠানিক কাজের পরীক্ষায় এটি সর্বোচ্চ ২ দশমিক ৮ গুণ দ্রুত কাজ করেছে। একই সঙ্গে টোকেন ব্যবহার কমিয়েছে সর্বোচ্চ ২৩ শতাংশ।


কোডিং ও মাল্টিমোডাল সক্ষমতায় উন্নতি

গুগল জানিয়েছে, জেমিনি ৪ হাইড্রোজেনে স্বয়ংক্রিয় কোডিং, বিভিন্ন ধরনের তথ্য বোঝার সক্ষমতা এবং জ্ঞানভিত্তিক কাজে উন্নতি আনা হয়েছে।

এটি পিডিএফ, স্প্রেডশিট, চার্ট, ছবি, অডিও ও ভিডিও রেকর্ডিং বিশ্লেষণ করতে পারে। ফলে বিভিন্ন ধরনের তথ্য ব্যবহার করে প্রতিবেদনসহ নানা কাজের উপযোগী কনটেন্ট তৈরি করা সম্ভব হবে।

মডেলটিতে যুক্ত করা হয়েছে চারটি থিংকিং লেভেল বা চিন্তার স্তর। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ‘এক্সট্রা হাই’ স্তর। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো কাজ সম্পন্ন করতে এআই কতটা গভীরভাবে চিন্তা করবে, তা নির্ধারণ করতে পারবেন।

গুগলের দাবি, বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষায় হাইড্রোজেন ওপেনএআই ও অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর সঙ্গে ভালো প্রতিযোগিতা করেছে। তবে বিজ্ঞান ও গণিত, কম্পিউটার ব্যবহার এবং টার্মিনাল-বেঞ্চ ৪.১-এর মতো কিছু ক্ষেত্রে এটি পিছিয়ে রয়েছে।

গুগল সার্চেও আসছে পরিবর্তন

গুগল সার্চের কার্যকারিতা উন্নত করতেও হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্ন আরও ভালোভাবে বোঝা, দৃশ্যভিত্তিক উত্তর দেওয়া এবং বিভিন্ন ওয়েবসাইটের লিংক আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।

জেমিনি অ্যাপেও গবেষণা, লেখালেখি ও দৈনন্দিন উৎপাদনশীলতার কাজে মডেলটি সহায়তা করবে। পাশাপাশি জিমেইল ও গুগল ড্রাইভের মতো সংযুক্ত সেবা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবে।


এআইয়ের নিরাপত্তা বাড়ানোর দাবি

গুগলের দাবি, স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করার ক্ষেত্রে এআইয়ের সীমা অতিক্রম করার প্রবণতা জেমিনি ৪ হাইড্রোজেনে সর্বোচ্চ ৮১ শতাংশ কমেছে।

কোনো কাজের ক্ষেত্রে অনুমতি না থাকলে সেটি এড়িয়ে যাওয়ার প্রবণতাও আগের তুলনায় অর্ধেক কমেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। সীমাবদ্ধতাপূর্ণ কাজের ক্ষেত্রে অনুমতির নিয়ম মেনে চলার সক্ষমতা বাড়াতেই এ উন্নতি আনা হয়েছে।

গুগলের বিভিন্ন সেবায় ব্যবহার করা যাবে

জেমিনি অ্যাপ ও গুগল সার্চে পর্যায়ক্রমে যুক্ত হচ্ছে জেমিনি ৪ হাইড্রোজেন। ডেভেলপাররা জেমিনি এপিআই, অ্যান্ড্রয়েড স্টুডিও ও গুগল এআই স্টুডিওর মাধ্যমে মডেলটি ব্যবহার করতে পারবেন। আর প্রাতিষ্ঠানিক গ্রাহকরা জেমিনি এন্টারপ্রাইজের মাধ্যমে এটি বেছে নিতে পারবেন।

বিনামূল্যের জেমিনি ব্যবহারকারীরাও মডেলটি পাবেন। তবে নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য উপযুক্ত মনে হলেই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে হাইড্রোজেন ব্যবহার করবে।

এ ছাড়া গুগল শিটসের জেমিনিতেও মডেলটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। শুরুতে এ সুবিধা পাবেন এআই প্রো ও আল্ট্রা সাবস্ক্রাইবাররা। সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

আগামী ১০ বছরেই হারিয়ে যাবে ক্যানসার?

ক্যানসার ১০ বছরের মধ্যে অতীত হয়ে যাবে: অ্যানথ্রপিক সিইও

ক্যানসার ১০ বছরের মধ্যে অতীত হয়ে যাবে: অ্যানথ্রপিক সিইও

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

চাকরি হারানোর চিন্তা বাদ দিয়ে বদলান কাজের ধরন

আরও পড়ুন

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

এআইয়ের ভুল কমাতে গুগলের নতুন চমক

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপলের জনপ্রিয় ‘সাপোর্ট কমিউনিটি’

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ভাতা

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম