মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয় গত মাসে এনভিডিয়ার দুটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনেছে। বিশ্ববিদ্যালয়টি ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান বা ১ লাখ ২৩ হাজার ডলারে চিপ দুটি কেনে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চীনের প্রতিরক্ষাবিষয়ক বিশেষায়িত শীর্ষ সাত বিশ্ববিদ্যালয়ের জোট ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’-এর সদস্য নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি চিপ দুটি কিনেছে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশিত ক্রয়সংক্রান্ত নথিতে এ তথ্য পাওয়া গেছে।
নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা স্কুলের জন্য শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে চিপ দুটি কেনা হয়। সরাসরি এনভিডিয়ার কাছ থেকে এগুলো কেনা হয়নি।
চীনের কাছে এআই চিপ বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে এনভিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের তদবির এবং চীনা গুপ্তচরবৃত্তির লক্ষ্যবস্তু হওয়ার অভিযোগের মধ্যে প্রতিষ্ঠানটি ও এর প্রধান নির্বাহীকে ঘিরে ওয়াশিংটনে নজরদারি বাড়ছে। এর মধ্যেই রয়টার্সের অনুসন্ধানে চীনা বিশ্ববিদ্যালয়টির চিপ কেনার তথ্য সামনে এসেছে।
নিষেধাজ্ঞার তালিকায় বিশ্ববিদ্যালয়
এনভিডিয়ার এইচ২০০ চিপ উন্নত এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনার জন্য ব্যবহৃত শক্তিশালী প্রসেসরগুলোর একটি। এসব চিপ রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লাইসেন্স প্রয়োজন হয়। নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো নিষেধাজ্ঞার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে এ ধরনের চিপ রপ্তানির অনুমতি সাধারণত দেওয়া হয় না।
ক্রয়সংক্রান্ত নথিতে আরও দেখা গেছে, চলতি বছর পাঁচটি চুক্তির মাধ্যমে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়ায় কম্পিউটিং সক্ষমতা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এসব ব্যবস্থায় এইচ২০০ চিপসহ এনভিডিয়ার অন্যান্য শক্তিশালী এআই প্রসেসর ব্যবহারের সুযোগ রয়েছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানভিত্তিক নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সামরিক বিমান, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট নিয়ে গবেষণা করে।
২০০১ সালে ক্ষেপণাস্ত্র বিস্তার কার্যক্রমে সংশ্লিষ্টতা এবং সামরিক গবেষণার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। ‘এন্টিটি লিস্ট’ নামে পরিচিত ওই তালিকায় থাকা প্রতিষ্ঠানটির ওপর ২০১৯ সালে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টিতে নিয়ন্ত্রিত মার্কিন প্রযুক্তি রপ্তানির লাইসেন্স দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়।
বিশ্ববিদ্যালয়টির এসব কেনাকাটা দেখাচ্ছে, সামরিক সংশ্লিষ্টতা থাকা চীনা প্রতিষ্ঠানগুলো কীভাবে দেশীয় সরবরাহকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এআই কম্পিউটিং সক্ষমতা সংগ্রহ করছে। তারা সরাসরি চিপ কিনছে, আবার চিপযুক্ত সার্ভার ব্যবহারের সুযোগও ভাড়া নিচ্ছে।
চলতি বছরের চীনা ক্রয় ও করপোরেট নথির ২৬টি পর্যালোচনা করে রয়টার্স দেখেছে, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার চিপ কিনছে অথবা দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে এসব চিপ ব্যবহার করা কম্পিউটিং সেবা ভাড়া নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির সঙ্গে চীনের প্রতিরক্ষা শিল্প ও সামরিক গবেষণার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশেষ বিবেচনায় চীনে কিছু এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দিতে শুরু করে। তবে এ নীতির ফলে নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো ‘এন্টিটি লিস্ট’-এ থাকা প্রতিষ্ঠানের ওপর পৃথক বিধিনিষেধ প্রত্যাহার হয়নি।
চীনের কাছে উন্নত এআই চিপের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যরা। চিপের গতিবিধি শনাক্ত করার ব্যবস্থা চালু এবং রপ্তানির ওপর কংগ্রেসের নজরদারি বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন তারা।
হুয়াংকে ঘিরে বিতর্ক
এমন পরিস্থিতিতে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরেও চাপ বাড়ছে। চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে।
মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটির রিপাবলিকান সদস্য কেভিন ক্রেমার হুয়াংকে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে পলিটিকোকে তিনি বলেন, ‘ব্ল্যাকমেইলের আশঙ্কা এতটাই বেশি যে এনভিডিয়ার চিপের মতো স্পর্শকাতর বিষয় বিবেচনায় আমি মনে করি, তার পদ ছেড়ে দেওয়া উচিত।’
অভিযুক্ত চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে হুয়াংয়ের কথিত যোগাযোগের বিষয়ে আগামী ১৮ নভেম্বর তার সঙ্গে বৈঠক করতে চেয়েছেন মার্কিন কংগ্রেসের তিনটি রিপাবলিকান কমিটির চেয়ারম্যান।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং রোববার স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করেন। তিন দশকেরও বেশি আগে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তবে এনভিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা গোপনীয় তথ্যের সুরক্ষা বিঘ্নিত হয়েছে—এমনটা বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।
রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ৬৩ বছর বয়সি তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক হুয়াং বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের খবর গণমাধ্যমে প্রকাশের পর এ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।


