পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
জেনসেন হুয়াং। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পরকীয়ার কথা স্বীকার করার পরও নিয়মিত অফিস করছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় প্রতিষ্ঠানটির সদর দপ্তরে যান তিনি। সেখানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সকালের বৈঠক করেন। এ সময় নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি তুলে ধরে কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সিএনবিসি এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, রুদ্ধদ্বার বৈঠকের শুরুতে নিজের অবিশ্বস্ততার বিষয়টি নিয়ে কথা বলেন হুয়াং। এ ঘটনায় কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি। দ্রুতই আলোচনার মোড় ঘুরিয়ে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেন।
মঙ্গলবারও (১০ নভেম্বর) অফিসে গিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন ৬৩ বছর বয়সি এই প্রযুক্তি উদ্যোক্তা। প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি এনভিডিয়া।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে তদন্ত চললেও তিনি প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেগাস্পিডের সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এনভিডিয়া প্রধান।
রোববার কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। তবে কার সঙ্গে তার এ সম্পর্ক ছিল, তা প্রকাশ করেননি। ই-মেইলে তিনি লেখেন, আমি জানি, ক্ষমা চাইলেই আমার করা কাজের ক্ষতি পূরণ হবে না। আমি আশা করি, আমাদের পরিবার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং সময়ের সঙ্গে আমি আবারও আপনাদের আস্থা অর্জন করতে পারব।
এদিকে মঙ্গলবার বিষয়টি তদন্তে উদ্যোগ নিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে।
সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির কর্মীরা জানিয়েছেন, হুয়াংয়ের স্বীকারোক্তির পর কর্মীদের মধ্যে বিষণ্নতা ও হতাশা বিরাজ করছে। দীর্ঘদিনের কর্মীদের অনেকে তাকে আদর্শ ও পথপ্রদর্শক হিসেবে দেখতেন। তার এমন স্বীকারোক্তিতে তারা বিস্মিত হয়েছেন। অনেক কর্মী এখনো বিষয়টি মেনে নিতে পারছেন না।
১৯৯৩ সালে ভিডিও গেমের গ্রাফিকস তৈরির জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) নির্মাণের উদ্দেশ্যে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বড় ভাষা মডেল ও বিশাল ডেটা সেন্টার পরিচালনার প্রযুক্তির অন্যতম প্রধান সরবরাহকারী এনভিডিয়া।
যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলেও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে হুয়াংয়ের। গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরেও তার সঙ্গী হয়েছিলেন তিনি। সেপ্টেম্বরে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই টেবিলে হুয়াং ও তার স্ত্রীকে দেখা যায়।
সূত্র: সিএনবিসি

