‘আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি’—অভিশংসনের মুখে বললেন হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিচালনায় ভূমিকা নিয়ে অভিশংসনের (ইমপিচমেন্ট) উদ্যোগের মুখে নিজের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, তার বিরুদ্ধে এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের শত্রুদের এই বার্তা দিচ্ছে যে দেশটি নিজেদের যোদ্ধাদেরই শাস্তি দেয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) মে মাসের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে কোনো যুদ্ধ বা প্রতিরক্ষামন্ত্রী বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য অভিশংসনের মুখে পড়েননি। রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসির উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি এসব কথা বলেন।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিচালনায় হেগসেথের সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেনটাকির আইনপ্রণেতা ম্যাসি এ প্রস্তাব উত্থাপন করেছেন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে দলীয় প্রাথমিক নির্বাচনে হেরে যাওয়ায় কংগ্রেস থেকে বিদায়ের মুখে রয়েছেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর হেগসেথকে ট্রাম্প প্রশাসন থেকে সরানোর উদ্যোগটি নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।
মঙ্গলবার ম্যাসির সমালোচনা করে হেগসেথ বলেন, নীতিগত মতবিরোধের কারণে ক্ষুব্ধ ও পরাজিত একজন কংগ্রেস সদস্য তার বিরুদ্ধে এ উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রদর্শনী, অহংকার ও ক্ষোভ থেকে তৈরি ব্যক্তিগত ইশতেহার। কংগ্রেসে একজন ব্যক্তির শেষ কয়েকটি দিন এই প্রেসিডেন্টের ক্ষতি করার চেষ্টা করতেই ব্যয় হচ্ছে। এটি প্রহসন, লোকদেখানো উদ্যোগ—এবং সবাই তা জানে।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে হেগসেথ বলেন, বর্তমানে প্রচলিত ধারণার চেয়ে ইতিহাস এ যুদ্ধকে ভিন্নভাবে মূল্যায়ন করবে। তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি। ইরান ৪৭ বছর আগে এটি শুরু করেছে।’
অভিশংসনের প্রস্তাবে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে প্রধান গুরুত্ব দেওয়া হলেও ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক কর্মকাণ্ডে হেগসেথের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, হেগসেথের কর্মকাণ্ড ‘গুরুতর অপরাধ ও অসদাচরণ’-এর পর্যায়ে পড়ে এবং পেন্টাগনে তার নেতৃত্ব অভিশংসনের দাবি রাখে। তবে যুক্তরাষ্ট্রের সংবিধানে ‘গুরুতর অপরাধ ও অসদাচরণ’ বলতে ঠিক কী বোঝায়, তা নির্দিষ্ট করে বলা নেই। ফলে হেগসেথের কোন কর্মকাণ্ড অভিশংসনের যোগ্য, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইনপ্রণেতাদের হাতে রয়েছে।
ইয়েমেন, ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং মাদক বহনের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দিয়েছেন হেগসেথ। এসব অভিযানের প্রতিটির দায়িত্ব তিনি গ্রহণ করছেন জানিয়ে বলেন, ‘আমি এসব অভিযান পরিচালনা করতে পেরে গর্বিত এবং আগামীকাল আবারও একই কাজ করব।’
তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে মার্কিন সেনাদের ওপর আক্রমণের সঙ্গে তুলনা করেন তিনি। হেগসেথ বলেন, ‘এই প্রস্তাবগুলো তাদের প্রত্যেককে বলছে যে তাদের দায়িত্ব পালন ছিল অপরাধ। তাদের দায়িত্ব পালন কোনো অপরাধ ছিল না। তারা বীর।’
তার মতে, অভিশংসনের এ উদ্যোগ সামরিক বাহিনীর সদস্যদের মনোবলে আঘাত করবে এবং যুক্তরাষ্ট্রের শত্রুদের ভুল বার্তা দেবে।
সূত্র: এনডিটিভি
