Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক নারীর সঙ্গে সম্পর্কের ঘটনায় এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় এফবিআই তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার (৯ নভেম্বর) হুয়াংয়ের সঙ্গে কথা বলার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই নারী যে গুপ্তচর, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল কি না। তিনি বলেছেন, এ বিষয়ে তার কিছুই জানা ছিল না। আমি তাকে বিশ্বাস করি।’

তবে এফবিআই কবে থেকে তদন্ত শুরু করেছে কিংবা তদন্তের অগ্রগতি কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এফবিআই।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং নামের ওই নারী চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই।


প্রতিবেদনে বলা হয়, গত বছরের বসন্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি পাঠান। এতে এনভিডিয়া প্রধানের সঙ্গে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়েছিল। 

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন রয়েছে।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগপ্রত্যাখ্যান করেছে। বেইজিংয়ের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

এনভিডিয়া জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখতে তারা একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোম্পানির গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো কারণ তারা দেখছে না।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের কোম্পানি এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ কম্পিউটার চিপ তৈরি করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই প্রযুক্তির আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এনভিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনে উন্নত চিপ রপ্তানির বিষয়টি ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা।

এ কারণে জেনসেন হুয়াংকে ঘিরে এ অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সোমবার এ খবর ছড়িয়ে পড়ার পর এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য থেকে প্রায় ২৫০ বিলিয়ন ডলার (প্রায় ১৯০ বিলিয়ন পাউন্ড) কমে যায়।


এদিকে, একই দিন ক্যালিফোর্নিয়ায় জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাবিত সমষ্টিগত মামলা (ক্লাস অ্যাকশন) দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি গোপন রেখে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছে কোম্পানিটি।

মামলার অভিযোগে আরও বলা হয়, অ্যালিস হুয়াং এনভিডিয়ার পণ্য চীনে পাচারে সহায়তা করার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমের কাছে এনভিডিয়ার দেওয়া বক্তব্যও বিভ্রান্তিকর ছিল বলে দাবি করেছেন মামলাকারীরা।

বিষয়টি নিয়ে এনভিডিয়ার কাছে মন্তব্য চেয়েছে বিবিসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

তড়িঘড়ি করে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়ল মার্কিন সামরিক বিমান, নেপথ্যে কী?

ইরান ইস্যুতে শান্তির পক্ষে কাতার-সৌদি, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ইস্যুতে শান্তির পক্ষে কাতার-সৌদি, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা

৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আরও পড়ুন

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

হোয়াইট হাউস লকডাউন, আটক ২

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

ওই নারী চীনা গুপ্তচর ছিলেন, তা জানতেন না এনভিডিয়া প্রধান: ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতার

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

প্রধানমন্ত্রীত্ব হারালে পার্লামেন্টে থাকতে পারবেন নেতানিয়াহু?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম