৯ মাস পর ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে উদ্যোগ নিয়েছে। তবে মস্কোর প্রতি যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য ছাড়ের ঘোষণা এবং ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে এবারের আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
রাশিয়া শুরু থেকেই আলোচনাকে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও আবুধাবিতে উপস্থিত থাকবেন। যদিও তাদের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের জামাতা ও দেশটির আলোচক জ্যারেড কুশনার সোমবার বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে তারা একটি আলোচনাভিত্তিক সমাধান খুঁজতে কাজ করছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এবারের আলোচনা যুদ্ধের অবসানের পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে নতুন সূচনা হতে পারে। তবে শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তা দেবে কি না, সে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।
আলোচনায় থাকছেন কারা
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র গোয়েন্দাপ্রধান ও প্রধান আলোচক রুস্তেম উমেরভ।
রাশিয়ার প্রতিনিধিদলে থাকছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন। এ ছাড়া ক্রেমলিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি, সামরিক গোয়েন্দাপ্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের সদস্য ইউরি ঝিগারলভস্কিও অংশ নেবেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির প্রতিনিধিদের পাশাপাশি ন্যাটো ও ইউরোপীয় কমিশনের কর্মকর্তারাও আবুধাবিতে থাকবেন। তাদের সঙ্গে আলাদা সমন্বয় বৈঠক করার কথা জানিয়েছেন উমেরভ।
তবে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপের সঙ্গে কিয়েভ ও ওয়াশিংটনের যোগাযোগের নিজস্ব পথ রয়েছে। তার ভাষায়, এবারের আলোচনা হবে ত্রিপক্ষীয়। এতে রাশিয়া ও ইউক্রেন অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।
এবারের আলোচনায় নতুন কী
এবারের আলোচনার অন্যতম বৈশিষ্ট্য ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপীয় দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা। এর আগে ট্রাম্প ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা চুক্তির কথা বলেছিলেন, যেখানে ইউরোপের সব দেশ যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ইউরোপ মহাদেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব ফেলবে— এমন কোনো আলোচনা তাদের প্রত্যাশা ও দাবিকে উপেক্ষা করে হতে পারে না।
ইউক্রেনের প্রধান আলোচক উমেরভও বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়ায় ইউরোপকে যুক্ত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
কুশনার জানিয়েছেন, মূল ত্রিপক্ষীয় আলোচনার পাশাপাশি ইউরোপীয় অংশীদারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি ও উইটকফ। ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা সমন্বয় অব্যাহত রাখাই তাদের লক্ষ্য।
অগ্রগতির সম্ভাবনা কতটা
এটি হবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার ত্রিপক্ষীয় আলোচনা। এর আগের বৈঠকগুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠক ইউক্রেনের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়, সম্ভাব্য সমঝোতা এবং দুই দেশের নেতাদের বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে তখনো যথেষ্ট আলোচনা হয়নি। এরপর ইরান যুদ্ধের কারণে মার্চে অনুষ্ঠেয় আরেক দফা আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্র।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো ইউক্রেনের কাছে এমন কিছু দাবি জানিয়ে আসছেন, যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছে। এসব দাবির মধ্যে রয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া, ইউক্রেনের সামরিক বাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করা।
আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ পরিচালক ও ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন হার্বস্ট আবুধাবির আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী না হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, ট্রাম্পকে ইউক্রেন থেকে আরও দূরে সরে যাওয়ার সুযোগ করে দিতেই পুতিন এই আলোচনায় অংশ নিচ্ছেন।
যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন পঞ্চম বছরে গড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন কঠিন হয়ে পড়ায় মস্কো আকাশপথে হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েছে।
গত সোমবার জাপোরিঝঝিয়ায় আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হন। চলমান যুদ্ধের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।
বৈশ্বিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, চলতি বছর রাশিয়ার হামলায় ইউক্রেনে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
এদিকে শীত ঘনিয়ে আসার আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ হামলায় ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন বলে জানিয়েছেন জেলেনস্কি।
গত কয়েক মাসে রাশিয়া দ্রুতগতির জেটচালিত শাহেদ ড্রোন ব্যবহার বাড়িয়েছে। এসব ড্রোন ধ্বংস করা তুলনামূলক কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতিতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাও চাপে রয়েছে।

