Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যুদ্ধে হুথিদের অংশগ্রহণ, নতুন হুমকির মুখে বিশ্ব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

যুদ্ধে হুথিদের অংশগ্রহণ, নতুন হুমকির মুখে বিশ্ব

প্রতীকী ছবি

চলমান মধ্যপ্রাচ্য সংকটে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সরাসরি অংশগ্রহণ বিশ্বজুড়ে জ্বালানি তেল রপ্তানি এবং সমুদ্রপথে পণ্য পরিবহণকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। গত এক মাস ধরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, হুথিদের আগমনে এখন লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দাব’ প্রণালিও হুমকির মুখে পড়েছে। 

দুর্গম নৌপথের কারণে ‘দুঃখের দুয়ার’ নামে পরিচিত মাত্র ২৯ কিলোমিটার চওড়া এই সরু পথটি দিয়ে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের ১২ শতাংশ এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ও কন্টেইনার পরিবাহিত হয়।

গাজায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে গত অক্টোবর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গত নভেম্বর পর্যন্ত তাদের হামলায় অন্তত ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শত শত নৌযান বাধ্য হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল উত্তমাশা অন্তরীপ ঘুরে যাতায়াত করছে। 

গত সপ্তাহে সিএনএন-কে দেওয়া এক বার্তায় হুথিদের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মোহাম্মদ মনসুর জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেওয়া এখন তাদের জন্য একটি কার্যকর বিকল্প।

এদিকে, ইরান সরকারের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের একটি সূত্র জানিয়েছে, মার্কিন বাহিনী যদি জোরপূর্বক হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করে, তবে তাদের সামনে নতুন নতুন প্রণালিতে চ্যালেঞ্জ তৈরি হবে। ইরান পরিস্থিতি আরও জোরালো করতে পুরোপুরি প্রস্তুত বলেও ওই সূত্রটি দাবি করেছে। 

হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল সীমিত হয়ে পড়ায় সৌদি আরব বর্তমানে তাদের তেল রপ্তানির জন্য বিকল্প হিসেবে লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহার করছে। কিন্তু লোহিত সাগরে ট্যাংকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে হুথিদের হামলা অব্যাহত থাকায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও চরমে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: সিএনএন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম