Logo
Logo
×

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

পদত্যাগ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ফিরহাদ হাকিম বুধবার (৩ জুন) কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন।  এতে দলটির চলমান সংকট আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর  এনডিটিভির। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের পদত্যাগ এবং দলীয় অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটল।

৬৭ বছর বয়সি ফিরহাদ হাকিমের স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে হাকিম এর আগেও পদত্যাগের অনুমতি চেয়েছিলেন। তবে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদে থাকার অনুরোধ করেছিলেন।


তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘আজ আবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগের অনুমতি চান এবং এবার তিনি সম্মতি দিয়েছেন।’

সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ ফিরহাদ হাকিম ২০১৮ সাল থেকে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

কলকাতা পৌর করপোরেশন ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে রয়েছে।


এর আগে গত মাসে তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে বিরোধী দলের উপনেতা হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম