Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা

কারাগার থেকে মাদুরো বললেন, ‘কাউকে ছেড়ে এসো না’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৫৯ এএম

কারাগার থেকে মাদুরো বললেন, ‘কাউকে ছেড়ে এসো না’

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

Advertisement

শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের কারাগার থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। মাদুরোর অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো বলেছেন, ‘আজকের বার্তা একটাই: সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ।’

টেলিগ্রাম পোস্টে মাদুরো বলেন, ‘কেউ যেন একা না থাকে, প্রতিটি সম্প্রদায় যেন তাদের সন্তান, দাদা-দাদি, অসুস্থদের যত্ন নেয়।’ তিনি জনগণকে উদ্ধার ও চিকিৎসা দলের কাজে সহায়তা করার আহ্বান জানান। 

তিনি বলেন, ভেনেজুয়েলা আজ অনেক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। আমরা বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পুনরায় ঘুরে দাঁড়াব। 


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেন, ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারিদিকে বহু ভবন ধসে পড়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে আরও মূল্যায়নের জন্য আমরা অপেক্ষা করছি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।


এরইমধ্যে রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর-গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে।দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার (২৫ জুন)  এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে কারাকাসের প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে মার্কিন বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। বর্তমানে তারা নিউইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন। সেখানে তাদের মাদক পাচার এবং অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম