সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা হুথির
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
বাব এল মান্দেব প্রণালি বন্ধ করতে চায় হুথিরা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, সৌদি জাহাজ চলাচল লক্ষ্য করে এই অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে শুধু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাই নয়, বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যও নতুন ঝুঁকিতে পড়তে পারে।
হুথিদের ঘোষণার পর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা শক্তি প্রয়োগ করে জবাব দেবে। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে ইরান হুথিদের প্রতি আহ্বান জানিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে, তাহলে বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে।
এই প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ কমে যেতে পারে। কারণ সৌদি আরবের অধিকাংশ তেল রপ্তানি এই পথের ওপর নির্ভরশীল। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং পণ্য পরিবহন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও হুথিদের ঘোষণার পর তেলের দাম কিছুটা বেড়েছিল, পরে কূটনৈতিক সমাধানের আশা থাকায় বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে লোহিত সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ বীমার খরচ ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে।
এদিকে ইরান জানিয়েছে, মধ্যস্থতাকারীরা নতুন কিছু প্রস্তাব দিয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখনও পুরোপুরি বন্ধ হয়নি।
হুথিরা তাদের বিবৃতিতে বলেছে, সৌদি আরবের আরোপিত ‘অন্যায় অবরোধের’ জবাবে তারা ‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধ কার্যকর করছে।
