সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এক টানা প্রবল বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি এবং হঠাৎ মারাত্মক বন্যার আশঙ্কায় কাঁপছে সৌদি আরব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী শনিবার পর্যন্ত দেশজুড়ে চরম আবহাওয়ার কঠোর সতর্কতা জারি করেছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি বেগে বইতে পারে তাণ্ডবী হাওয়া। এমনকি কিছু এলাকায় ভয়াবহ ঘূর্ণিঝড় (টর্নেডো) ও সাগরে জলস্তম্ভ তৈরির শঙ্কাও রয়েছে।
আবহাওয়া কেন্দ্রের বরাতে জানা গেছে, আগামী কয়েকদিন দেশের প্রায় সব প্রান্তেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঝোড়ো বাতাসের কারণে মরুভূমির ধূলাবালি উড়ে চারপাশ ঢেকে যেতে পারে, যার ফলে রাস্তাঘাটে দৃষ্টিসীমা কমে গিয়ে চলাচলে চরম ঝুঁকি তৈরি হবে।
সবচেয়ে বেশি সতর্কতায় রয়েছে পবিত্র মক্কা নগরী, জাজান, আসির ও আল বাহা অঞ্চল। এসব এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে মুষলধারে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। মক্কা ছাড়াও তায়েফ, আল জুমুম, বাহরাহ ও আদহামের মতো এলাকাগুলোতে বৃষ্টির দাপট বেশি থাকবে।
অন্যদিকে রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক, শিলা ও নাজরানের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেদ্দা ও রাবিগেও বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের ঢেউ অস্বাভাবিক উঁচু হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তরের মতে, দুর্যোগপূর্ণ এই আবহাওয়া আগামী সপ্তাহের শেষ পর্যন্ত গড়ায়তে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে এনসিএম সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সরকারি আবহাওয়া বুলেটিন ও এনসিএমের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বশেষ খবরের দিকে চোখ রাখতে বলা হয়েছে।
সূত্র: গালফ নিউজ

