Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার ২২৯ কোটি ৮৯ লাখ টাকা) ব্যয় করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তবে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এবার তার বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তদন্তের মুখে পড়তে পারে। কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা মাস্কের ব্যবসা ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে ব্যাপক তদন্তের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক শুধু মধ্যবর্তী নির্বাচনেই নয়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্পের জয়ের জন্য ২৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছিলেন। পাশাপাশি টেক্সাসে রিপাবলিকানদের অবস্থান ধরে রাখতেও বিপুল অর্থ বিনিয়োগ করেন তিনি। টেক্সাসে তার ব্যক্তিগত বাসস্থান এবং বড় কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান মাস্ক। কিন্তু নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা। অন্যদিকে, টেক্সাসের গভর্নর নির্বাচনে ৩০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে পরাজিত হন রিপাবলিকান গ্রেগ অ্যাবট।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর মাস্কের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে তদন্তের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি প্রতিবেদনের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

‘ক্যাপিটল এজেন্ডা: ডেমোক্র্যাটদের হাতুড়ি এবার ইলন মাস্কের দিকে’ শিরোনামের ওই প্রতিবেদনের জবাবে মাস্ক লেখেন, তলোয়ার দিয়ে যে বাঁচে, তলোয়ারেই তার মৃত্যু হয়। যারা আমার সঙ্গে বিরোধে জড়াবে, তাদের বুঝতে হবে—আড়াল থেকে কারা কলকাঠি নাড়ছে, তা আমি খুঁজে বের করব এবং শুধু তাদের পুতুলদের নয়, মূল ব্যক্তিদেরও মোকাবিলা করব।

এদিকে নির্বাচনের পর প্রাক্-বাজার লেনদেনে মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন প্রক্রিয়া ধীর হয়ে গেলে মাস্কের ব্যবসায় বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে স্পেসএক্সের পরিকল্পিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা ২৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সম্ভাব্য বাজারে প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে।

এর আগেও ইউক্রেনের সামরিক স্যাটেলাইট যোগাযোগে সীমাবদ্ধতা আরোপ, সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব পালনকালে ব্যাপক কর্মী ছাঁটাই এবং তার প্রতিষ্ঠানগুলোর সরকারি চুক্তি ও ভর্তুকি নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মাস্কের সমালোচনা করেছেন।

নির্বাচনে জয়ের পর প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ট্রাম্প, তার পরিবার ও প্রশাসনের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন, আইনজীবী নিয়োগ করুন। সরকারি কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার দায়িত্বে থাকা এই কমিটির সাক্ষীদের তলব, সরকারি নথি চাওয়া এবং সমন জারির মাধ্যমে সহযোগিতা আদায়ের ক্ষমতা রয়েছে। ফলে মাস্কের ব্যবসায়িক কার্যক্রমও নতুন করে কংগ্রেসের নজরদারিতে আসতে পারে।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ

ট্রাম্পের শুল্কযুদ্ধের ইতি টানতে পারবে ডেমোক্র্যাটরা?

ট্রাম্পের শুল্কযুদ্ধের ইতি টানতে পারবে ডেমোক্র্যাটরা?

ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে?

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন পোস্ট হোয়াইট হাউসের?

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের হাতে যেসব ক্ষমতা

আরও পড়ুন

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম