Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইসরাইলের ২ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম

ইসরাইলের ২ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

প্রতীকী ছবি

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (৩ আগস্ট) ভোরে দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়।  খবর বার্তা সংস্থা মেহের’র

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন— ওমিদ বেহজাদ ও পোরিয়া সাফভাত। 

কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার সময় মোসাদ বিভিন্ন সরাসরি ও পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ইরানের ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিল।

তদন্তে বলা হয়েছে, ওমিদ বেহজাদ বারবার সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনার অবস্থান, ভৌগোলিক তথ্য ও অন্যান্য তথ্য মোসাদ-সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠিয়েছিলেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও পাঠাতেন। 


অভিযোগ অনুযায়ী, একটি টেলিগ্রাম চ্যানেলের প্রশাসক তাকে জানিয়েছিলেন, যাচাই শেষে এসব অবস্থান ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হবে এবং নিরাপদ উপায়ে মোসাদের কাছে পাঠানো হবে।

অন্যদিকে, পোরিয়া সাফভাত ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশনের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার ছবি ও তথ্য পাঠিয়েছিলেন। ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি যে কয়েকটি স্থানের তথ্য দিয়েছিলেন, সেগুলোর কিছু পরে বিমান হামলার শিকার হয়। মামলার নথি অনুযায়ী, তিনি ১২ দিনের যুদ্ধের সময় উঁচু ভবনের ছাদ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভিডিও ধারণ করে পাঠিয়েছিলেন।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা তাদের গ্রেফতার করে।  পরে ইসরাইলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। সর্বোচ্চ আদালত সেই রায় বহাল রাখার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম