Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বাংলাদেশ ভ্রমণে কানাডার কড়া সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

বাংলাদেশ ভ্রমণে কানাডার কড়া সতর্কতা

সংগৃহীত

কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে তাদের নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। নতুন এই নির্দেশনায় বাংলাদেশ সফরের ক্ষেত্রে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। যেকোনো সময় বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিতে পারে। এতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কানাডা সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং অপহরণের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় প্রবেশাধিকারও কঠোরভাবে নিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে।

সতর্কবার্তায় ঢাকায় সন্ত্রাসী হামলার ঝুঁকির কথাও বলা হয়েছে। হোটেল, উপাসনালয় এবং পর্যটন কেন্দ্রের মতো জনবহুল স্থানে আগে হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়। বিদেশি নারীদের রাতে একা চলাচল না করার পরামর্শও দেওয়া হয়েছে।

স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে। বাংলাদেশে টাইফয়েড, হেপাটাইটিস এবং ডেঙ্গুর মতো রোগের উচ্চ ঝুঁকির কথা বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল বলে জানানো হয়। গুরুতর অসুস্থতায় সিঙ্গাপুর বা থাইল্যান্ডে রোগী স্থানান্তরের প্রয়োজন হতে পারে বলেও জানানো হয়।

বাংলাদেশের কঠোর স্থানীয় আইনের কথাও তুলে ধরা হয় সতর্কবার্তায়। মাদক অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। মুসলিমদের জন্য মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি স্থাপনার ছবি তোলাও নিষিদ্ধ বলে জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম