দুই মিনিটের ব্যবধানে দু'বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেসহ বিভিন্ন এলাকায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) মাত্র দুই মিনিটের ব্যবধানে ভূ-কম্পন দুটি অনুভূত হয়। এতে কিছুটা ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্ক জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে। এটি স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে এটি আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে করোনাদো এলাকায়। সেখানে কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়।
এর মাত্র দুই মিনিট পর একই এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একটি ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে, যার উৎপত্তিস্থলও ছিল ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর সারা সকালজুড়ে সান হোসেসহ দেশটির বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন একটি সড়কে ভূমিধস এবং কিছু স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


