Logo
Logo
×
   

আন্তর্জাতিক

আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামি বিপ্লবী গার্ড কর্পসে’র (আইআরজিসি) পাঁচজন শীর্ষ কর্মকর্তার সন্ধান বা পরিচয় দিতে পারলে ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ শাখা থেকে এই বড় অঙ্কের পুরষ্কারের কথা জানানো হয়। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত থাকা ও পরিকল্পনার অভিযোগে এই ইরানি সামরিক নেতাদের খোঁজা হচ্ছে বলে জানায় তারা।

যাদের তথ্যের জন্য এই পুরষ্কার ঘোষণা করা হয়েছে, তারা হলেন—আইআরজিসির কমান্ডার আহমদ ওয়াহিদি, খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী আব্দুল্লাহি, ড্রোন বাহিনীর প্রধান সাঈদ আগাজানি, সাইবার শাখার প্রধান হামিদরেজা জোলাসগারিয়ান এবং গোয়েন্দা দপ্তরের প্রধান মাজিদ খাদেমি। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কেউ যদি এই কর্মকর্তাদের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন, তবে তাকে অর্থ পুরষ্কারের পাশাপাশি পরিবারসহ নতুন ও নিরাপদ স্থানে স্থায়ীভাবে বসবাসের সুযোগও দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্র ২০১৯ সালেই আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। ওয়াশিংটনের অভিযোগ, এই বাহিনীটি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেয় এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মার্কিন সেনাদের জন্য হুমকি তৈরি করে। 

এই পুরষ্কার ঘোষণার মাধ্যমে ইরান সরকারের ওপর নতুন করে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করল ওয়াশিংটন।

সূত্র: আনাদোলু এজেন্সি


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম