যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মানলে পালটা পদক্ষেপ নেবে ইরান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও তাৎক্ষণিকভাবে পালটা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের অধীনে দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা পদক্ষেপ নেবে।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে গত জুনে ওই অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে চুক্তির বাস্তবায়ন নিয়ে মতবিরোধের কারণে সেটি দ্রুত ভেঙে পড়ে।
এদিকে জুলাইয়ের শেষের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলার প্রথম পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়।
ইরান বারবার বলে আসছে, বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচলের সুযোগ তখনই নিশ্চিত করা হবে, যখন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত বাস্তবায়ন করবে।
এর আগে সোমবার বিশকেকে পেজেশকিয়ান বলেছিলেন, যুদ্ধ কারও স্বার্থে নয় এবং ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের বিষয়ে তেহরান এখনও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রেখেছে।
তবে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এর জবাব দেওয়া হবে।’ তবে একই সঙ্গে ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, নতুন করে হামলা শুরু হওয়ার অর্থ পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়া নয়।
