মাতাল হয়ে মারামারি, থাইল্যান্ড থেকে জাহাজে পাঠানো হলো দুই মার্কিন নাবিককে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
থাইল্যান্ড থেকে ওই দুই নাবিককে জাহাজে ফেরত পাঠানো হয়েছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় মদ্যপ অবস্থায় মারামারিতে জড়ানোর পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর দুই নাবিককে জাহাজে ফেরত পাঠানো হয়েছে।
থাই পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাতায়ার জনপ্রিয় নাইটলাইফ এলাকা ওয়াকিং স্ট্রিটের কাছে ওই দুই নাবিকের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি আরও বড় আকার নেওয়ার আশঙ্কায় পুলিশকে খবর দেন।
পাতায়া শহরের পুলিশপ্রধান কর্নেল আনেক স্রাথংগিউ বলেন, দুই নাবিকই মাতাল ছিলেন এবং তারা মারামারির পাশাপাশি উচ্চস্বরে হৈচৈ করছিলেন।
পুলিশ জানায়, নাবিকদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। কারণ, তারা থাইল্যান্ডের কোনো আইন ভঙ্গ করেননি। পরে মার্কিন নৌবাহিনী তাদের দুজনকে জাহাজে ফিরিয়ে নেয়।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন প্রায় ২৮৬ দিন সমুদ্রে থাকার পর ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডে বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন রয়েছেন।
দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজটির নাবিকদের জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্য নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় সেটি আবারও সামনে এসেছে।

