চলন্ত বাসে অসুস্থ চালক, দৌড়ে এসে ২০ শিশুর প্রাণ বাঁচালেন যুবক
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
চলন্ত বাসে উঠছেন যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে চালক অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি স্কুলবাস থামিয়ে ২০ শিশুর প্রাণ বাঁচিয়েছেন এব্রো আহমেদ (২৭)। ঝুঁকি নিয়ে বাসে উঠে জরুরি ব্রেক কষে বড় ধরনের দুর্ঘটনা এড়ান তিনি।
স্থানীয় সময় গত সোমবার মিনেসোটার সেন্ট পল এলাকায় এ ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।
এব্রো আহমেদ বলেন, ‘আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। আর এখানে আমরা শিশুদের কথা বলছি। এমনকি এ কাজ করতে গিয়ে আমার মৃত্যু হলেও তা সার্থক হতো।’
সোমবারের এ ঘটনার দৃশ্য একটি নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। পরে ইয়্যা ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো নামের একটি দোকান কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশ করে।
এব্রো জানান, তিনি তখন দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি স্কুলবাসকে পাশ দিয়ে যেতে দেখেন, যার দরজা খোলা ছিল। বাসের ভেতরে তাকিয়ে তিনি চালককে খিঁচুনির মতো সমস্যায় ভুগতে দেখেন। এ অবস্থায় তিনি দৌড়ে বাসের কাছে যান, ভেতরে উঠে পড়েন এবং কয়েক সেকেন্ডের মধ্যে জরুরি ব্রেক টেনে ধরেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে এই যুবক বলেন, ‘কিছু শিশু চিৎকার করছিল, আবার কেউ শান্ত ছিল। সামনের আসনে থাকা দুটি মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আমি তাদের একজনের হাতে আমার ফোন ও চশমা দিয়ে সেগুলো ধরে রাখতে বলেছিলাম।’
এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার কৃতিত্ব জনপ্রিয় টিভি সিরিজ গ্রে’স অ্যানাটমিকেও দিয়েছেন এব্রো। দীর্ঘদিন ধরে প্রচারিত চিকিৎসাবিষয়ক এ নাটক থেকে শেখা বিষয়গুলো তাকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে বলে জানান তিনি।
সেন্ট পল পাবলিক স্কুলস কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জরুরি চিকিৎসাকর্মীরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, বাসটির শিক্ষার্থীদের অন্য একটি বাসে স্থানান্তর করে বাড়ি পাঠানো হয়। ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কাউন্সেলররা এবং তাদের মানসিক অবস্থার খোঁজ নেন।
সেন্ট পল পাবলিক স্কুলসের এক মুখপাত্র জানান, স্কুলবাসের চালককে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।

