যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম
নিউইয়র্ক টাইমসের কার্যালয়ের বাইরে ফিলিস্তিনি পতাকা হাতে এক বিক্ষোভকারী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনি-লেবাননের ভূখণ্ডে ইসরাইলি দখলদারত্ব নিয়ে সংবাদ প্রকাশের ধরন ও সম্পাদকীয় অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) নিউইয়র্কে পত্রিকাটির কার্যালয়ের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ইসরাইল নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে পত্রিকাটি।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘নিউইয়র্ক টাইমস, তুমি মিথ্যাবাদী।’ তাদের হাতে থাকা একটি বড় ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করা হয় এখানে।’
বিক্ষোভকারীদের অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। তাদের কেউ কেউ ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়াহ পরেছিলেন। তারা পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় একজন ঢোল বাজিয়ে বিক্ষোভকারীদের স্লোগানে সঙ্গ দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ম্যানহাটনে অবস্থিত পত্রিকাটির ভবনের চারপাশে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডেও ইসরাইলের দখলদারত্ব অব্যাহত রয়েছে।
অন্যদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল নিজেদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রেখেছে। লেবানন ও জাতিসংঘের মতে, ওই এলাকায় ইসরাইলের দখলদারত্বের শামিল এবং তা যুদ্ধবিরতির কাঠামোর পরিপন্থি।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড


