২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
টাইফুন চাম্পির স্যাটেলাইট চিত্র। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
শক্তিশালী টাইফুন চাম্পি ২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এর প্রভাবে বৃহস্পতিবার স্থল সতর্কবার্তা জারি করেছে তাইওয়ান। বাতিল করা হয়েছে দুই শতাধিক ফ্লাইট। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের বড় ধরনের সামরিক মহড়ার কার্যক্রমেও পরিবর্তন আনতে হয়েছে।
চলতি বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড় চাম্পি একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হয়েছিল। বৃহস্পতিবার ঝড়টির শক্তি কিছুটা কমলেও কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি ছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) এ তথ্য জানিয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এর গতিপথের পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল অতিক্রম করে উত্তর দিকে চীনের উপকূলের দিকে যাবে। পরে এটি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে।
ঝড়টির বিস্তৃতি কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটারে দাঁড়িয়েছে, যা তাইওয়ানের অধিকাংশ এলাকা ঢেকে ফেলার জন্য যথেষ্ট। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।
উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে ৬ মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা জানানো হয়েছে। এ ছাড়া তাইওয়ানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাজধানী তাইপের আশপাশের পাহাড়ে প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে এখনই টাইফুন মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পাহাড় ও উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। তবে এখন পর্যন্ত দেশটির রেল যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
তাইওয়ান সাধারণত টাইফুন মোকাবিলায় বেশ ভালোভাবে প্রস্তুত থাকে, ফলে প্রাণহানির সংখ্যা কম থাকে। গ্রীষ্মকালে এ ধরনের ঝড় বেশি দেখা গেলেও শরৎকালেও আঘাত হানতে পারে। এসব ঝড়ে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিপাত হয়।
টাইফুনটি জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের পশ্চিমতম জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনিও অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাপানে দেশটির প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। এর বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ বিঘ্নিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র-জাপানের সামরিক মহড়ায় প্রভাব
টাইফুনের কারণে তাইওয়ানের কাছাকাছি জাপানের দ্বীপগুলোতে চলমান যুক্তরাষ্ট্র ও জাপানের বড় সামরিক মহড়া ‘কিন সোর্ড’র কার্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে।
প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এ মহড়ায় স্থল, সমুদ্র ও আকাশপথে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার অনুশীলন করা হয়। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উভচর অভিযানও রয়েছে।
সোমবার শুরু হওয়া এ মহড়ায় জাপান ও যুক্তরাষ্ট্রের প্রায় ৫৬ হাজার সামরিক সদস্য অংশ নিচ্ছেন। এ ছাড়া ফিলিপাইন ও অস্ট্রেলিয়াসহ আরও পাঁচটি দেশের বাহিনী এতে অংশ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সব অংশগ্রহণকারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনের পরিস্থিতি বিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। সূত্র: রয়টার্স


