উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, পাহাড় পরিদর্শনে যাচ্ছেন শুভেন্দু
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিবেশী নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলো নিয়েও সতর্ক হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্র জানায়, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টারে কালিম্পং যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে আবহাওয়া প্রতিকূল হলে তিনি সড়কপথেও কালিম্পং যেতে পারেন।
কালিম্পংয়ে টাউন হলে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। পরে সেখানে প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে পাহাড়ের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে পাহাড়ি এলাকায় দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি।
বিশেষ করে ধসপ্রবণ এলাকা, পাহাড়ি সড়ক, নদী ও খালের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত সতর্ক করার ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হতে পারে।
এরই মধ্যে মিরিকের রংভং নদীর গতিপথ ভূমিধসে আটকে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে কৃত্রিম হ্রদের মতো একটি জলাধার তৈরি হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার উদ্যোগও শুরু হয়েছে।
কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ জানিয়েছেন, মঙ্গলবার টাউন হলে মুখ্যমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে পাহাড়বাসীর মধ্যে বিভিন্ন সরকারি সুবিধা বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে একটি প্রশাসনিক বৈঠকও হওয়ার কথা রয়েছে।
প্রশাসনের একাংশের মতে, পাহাড়ে অতিবৃষ্টির সময় ভূমিধস ও আকস্মিক জলপ্রবাহের ঝুঁকি বেড়ে যায়। তাই বিপর্যয় ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এবার আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
সাধারণত নবান্ন থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হলেও এবার মুখ্যমন্ত্রী নিজেই উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাহাড়ের ভৌগোলিক ও প্রাকৃতিক অবস্থা সরেজমিনে পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াই তার এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

