এআই যেভাবে তৈরি করছে লাখ লাখ নতুন কাজের সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসার পর লাখ লাখ মানুষ চাকরি হারাবে—এমন বড় আশঙ্কার গল্প আপাতত ভুল প্রমাণিত হয়েছে। বিশ্বখ্যাত সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই-এর কারণে ঢালাওভাবে চাকরি যাওয়ার ভয় তো দূরে থাক, উল্টো বিশ্বজুড়ে এই প্রযুক্তিকে ঘিরে নতুন নতুন চাকরির এক বিরাট জোয়ার বা ‘জবস বুম’ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক তথ্যে দেখা গেছে, সে দেশের বেকারত্বের হার এখন মাত্র ৪.১ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে অন্যতম কম। ধারণার চেয়েও অনেক বেশি মানুষ এখন নতুন কাজ পাচ্ছেন। যদিও কাস্টমার সার্ভিস বা অফিসের কিছু গতানুগতিক কাজ এআই দিয়ে করার কারণে প্রায় ২ লাখ মানুষ কাজ হারিয়েছেন, কিন্তু বিপরীতে নতুন তৈরি হওয়া চাকরির সংখ্যা তারচেয়ে অনেক বেশি।
ইকোনমিস্ট জানায়, এআই-এর কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ নতুন চাকরির সৃষ্টি হয়েছে। ডাটা সেন্টার তৈরি ও বিদ্যুতের যোগান বাড়াতে গিয়ে যেমন সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান ও মিস্ত্রিদের চাহিদা প্রচুর বেড়েছে, তেমনি সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞদের চাহিদাও আকাশে গিয়ে ঠেকেছে।
অর্থনীতিবিদরা বলছেন, এআই কিছু সাধারণ ও পুরোনো কাজ কেড়ে নিলেও, প্রযুক্তিটি চালু রাখতে এবং তা নিয়ন্ত্রণ করতে আরও বেশি মানুষের প্রয়োজন হচ্ছে। ফলে এআই প্রযুক্তি ধ্বংসের বদলে বর্তমানে নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখছে।

