Logo
Logo
×
   

আন্তর্জাতিক

মোদির অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ল ২ বন্দুকধারী, সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

মোদির অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ল ২ বন্দুকধারী, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরের ঠিক আগমুহূর্তে এক বড়সড় নিরাপত্তা বিভ্রাটের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থলে বন্দুকসহ দুই ব্যক্তি ঢুকে পড়লে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়। 

ঘটনার পরপরই পুরো এলাকায় উচ্চ সতর্কতা (সিকিউরিটি এলার্ট) জারি করা হয় এবং পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকেই আটক করতে সক্ষম হয়।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ের বান্দা কুরলা কমপ্লেক্সে অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) কাছে জিয়ো ওয়ার্ল্ড প্লাজায়। সোমবার রাতে সেখানে মোদির আগমন উপলক্ষে পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়া চলছিল। সে সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা ২৪ বছর বয়সি রোহান পারেখ নামের এক তরুণ এবং তার সশস্ত্র নিরাপত্তারক্ষীকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) উর্ধতন কর্মকর্তা বলে দাবি করেন। তবে তার দেখানো পরিচয়পত্রটি যাচাই করে দেখা যায় সেটি পুরোপুরি ভুয়া।

আটককৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, যা পরবর্তীতে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বলে জানা গেছে। তবে ভুয়া সরকারি পরিচয়পত্র ব্যবহার করে অস্ত্রসহ এমন সুরক্ষিত জায়গায় ঢোকার চেষ্টার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে পুলিশ। 

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ইতোমধ্যেই পুরো ঘটনার তদন্তভার হাতে নিয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখতে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এ প্রধানমন্ত্রী মোদির উপস্থিতির আগেই বড় ধরনের সম্ভাব্য ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র: এনডিটিভি


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম