Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

লখনউয়ের আকাশে ২৫ মিনিট ঘুরপাক, দ্বিতীয় চেষ্টায় নামল রাহুলের বিমান

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

লখনউয়ের আকাশে ২৫ মিনিট ঘুরপাক, দ্বিতীয় চেষ্টায় নামল রাহুলের বিমান

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে অবতরণের সময় বিপত্তিতে পড়েছিল লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে বহনকারী বিমান। খারাপ আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে প্রথমবার রানওয়েতে নামতে পারেনি বিমানটি। পরে প্রায় ২৫ মিনিট লখনউয়ের আকাশে ঘুরপাকের পর দ্বিতীয় চেষ্টায় নিরাপদে অবতরণ করে সেটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিল্লি থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হন রাহুল গান্ধী। তিনি যে বিমানে ছিলেন, সেটি এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুপুর সাড়ে ৩টার দিকে লখনউয়ের চৌধরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের সময় আবহাওয়া প্রতিকূল থাকায় পাইলট প্রথমবার রানওয়েতে নামার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

বিমানবন্দর সূত্র জানায়, ওই সময় লখনউয়ে হালকা বৃষ্টি হচ্ছিল। এর সঙ্গে ছিল ঝোড়ো বাতাস ও নিম্নচাপজনিত আবহাওয়া। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদ উচ্চতায় নিয়ে গিয়ে আকাশে ঘুরপাক খেতে থাকেন। প্রায় ২৫ মিনিট পর আবহাওয়া কিছুটা অনুকূলে এলে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করা হয়। এবার সফলভাবে রানওয়েতে নামে বিমানটি।

বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে রাহুলসহ বিমানের সব যাত্রী নিরাপদে বিমানবন্দরে নামেন। বিমান পরিবহণ বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথমবারের চেষ্টায় বিমানটি অবতরণ করতে পারেনি। হালকা বৃষ্টি, নিম্নচাপ এবং বাতাসের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। আবহাওয়াজনিত কারণে বিমানকে আকাশে ঘুরপাক খাওয়ানো স্বাভাবিক বিষয়। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী নিরাপদে নেমেছেন।’    

বিমানের প্রথমবার অবতরণ না করে আকাশে চক্কর কাটার ঘটনাকে উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখা হয়। অবতরণের সময় পাইলটের মনে হলে রানওয়েতে নামা নিরাপদ নয়, তখন বিমানকে আবার ওপরে তুলে নেওয়া হয়। আবহাওয়া, বাতাস, রানওয়ের পরিস্থিতি কিংবা বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশের কারণেও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিমানবন্দরের বাইরে এ দিন রাহুলকে স্বাগত জানাতে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় ছিল। উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইসহ দলের অন্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে গাড়িতে করে রায়বরেলীর উদ্দেশে রওনা দেন রাহুল।

রায়বরেলী রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা। সেখানে তার দুই দিনের সফর রয়েছে। সফরে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। স্থানীয় স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ীদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া জেলার বন্যা পরিস্থিতি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় ও নজরদারি কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম