হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
একাধিক হামলার ঘটনার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালি ইরানের হাতে বন্ধ হওয়ার পর এটিই ছিল দেশটির একমাত্র বিকল্প তেল রপ্তানির পথ।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইপলাইনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, একাধিক হামলার ঘটনার পর পূর্ব-পশ্চিম পাইপলাইনে এই সতর্কতামূলক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দেশটির তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৌদি তেলকে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের তীরবর্তী বন্দরগুলোর দিকে পরিবহনের সুযোগ দেয়। ফলে হরমুজ প্রণালিতে কোনো ধরনের সামরিক সংঘাত বা অবরোধের পরিস্থিতি তৈরি হলে এই পাইপলাইনটি সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করে।
গত বৃহস্পতিবার সকালে পাইপলাইনটিতে হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি রিয়াদ।
এদিকে ইয়েমেনের হুথিদের দ্রুতগতির সামরিক অভিযানের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। ওই অভিযানে হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
