সহসাই খুলছে না হরমুজ প্রণালি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরান ও ওমানের মধ্যে হওয়া সমঝোতার কারণে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে পুনরায় খোলার কোনো সম্ভাবনা নেই।
তবে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার ভিত্তি তৈরি হয়েছে। শনিবার আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে এ কথা জানিয়েছে ইরানের এক সোর্স।
সূত্রটি জানিয়েছে, এই সমঝোতা হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে একটি পদক্ষেপ। তবে প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে কিনা তা নির্ভর করছে তেহরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র মেনে নেয় কিনা তার ওপর।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে ইরান। সেইসঙ্গে সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগত এই নৌপথটি বন্ধই থাকবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের গণমাধ্যমগুলো আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে।
সূত্রগুলো আরও বলেছে, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। প্রণালিটি কবে খুলবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং ইরানের মূল্যায়নের ওপর।
ইরান-ওমানের নতুন নৌপথের সমঝোতা
হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।
প্রস্তাবিত এই নৌপথটি পুরোপুরি ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ইরানের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকে উপসাগরীয় দেশগুলোকে এ বিষয়ে জানানো হতে পারে।
তবে ইরান স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে এই সমঝোতার অর্থ তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া নয়।
ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়ে যায়।

-6aa6b1391471c.jpg)