Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রুশ ধনকুবেরের দেওয়া বিয়ের অনুষ্ঠানের খরচ ফেরত দিয়েছেন ট্রাম্প জুনিয়র: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

রুশ ধনকুবেরের দেওয়া বিয়ের অনুষ্ঠানের খরচ ফেরত দিয়েছেন ট্রাম্প জুনিয়র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুশ ধনকুবের উমার ক্রেমলেভকে বিয়ে পরবর্তী উৎসব আয়োজনের জন্য দেওয়া অর্থ ফেরত দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অন্যের জন্য বিয়ের অনুষ্ঠান আয়োজন করা বা খরচ বহন করা ‘সম্পূর্ণ বৈধ’ এবং এটি ‘খুবই সাধারণ’ একটি বিষয়। 

এর আগে এক প্রতিবেদনে দাবি করা হয়, ক্রেমলেভ ট্রাম্প জুনিয়রের বিয়ে-পরবর্তী অনুষ্ঠানের জন্য ‘লাখ লাখ ডলার’ ব্যয় করেছিলেন। পরে নবদম্পতি নিশ্চিত করেন, বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের মধ্যে দুই দিনের খরচ ক্রেমলেভ উপহার হিসেবে আংশিকভাবে বহন করেছিলেন।

তবে ট্রাম্প কীভাবে নিশ্চিত হলেন যে সেই অর্থ ফেরত দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। 

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় বিদেশি কোনো নাগরিকের কাছ থেকে উপহার গ্রহণ করা আইনগতভাবে অবৈধ নয়।   

তবে নৈতিকতা পর্যবেক্ষণকারী কয়েকটি সংস্থা বলেছে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে প্রেসিডেন্টের ছেলের এমন ব্যয়বহুল উপহার গ্রহণ স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প জুনিয়র যুক্তরাষ্ট্র সরকারের কোনো কর্মকর্তা নন।

২০১৬ সালের নির্বাচনি প্রচারণার সময় থেকে ট্রাম্প পরিবারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সে সময় ট্রাম্প টাওয়ারে এক রুশ প্রতিনিধির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বৈঠক নিয়েও বিশেষ তদন্ত হয়েছিল।

উমার ক্রেমলেভ বর্তমানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর প্রধান। সংস্থাটি রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রমের অর্থায়নে পরিচালিত হয়। গ্যাজপ্রমের সঙ্গে সম্পর্ক যথাযথভাবে প্রকাশ না করাসহ বিভিন্ন কারণে আইবিএকে অলিম্পিক কমিটি স্থগিত করেছিল।

গত মে মাসে পুতিনের সঙ্গে চীন সফরকারী একটি প্রতিনিধিদলের সদস্যও ছিলেন ক্রেমলেভ। তিনি রুশ প্রেসিডেন্টের কাছ থেকে দেশটির অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পেয়েছেন।

ট্রাম্প জুনিয়রের মুখপাত্র বলেন, ট্রাম্প জুনিয়র ও ক্রেমলেভ ব্যক্তিগত বন্ধু এবং তাদের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।

অন্যদিকে ক্রেমলেভের কার্যালয় জানিয়েছে, কয়েক বছর আগে তাদের পরিচয় হয় এবং বর্তমানে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম