Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

অক্সফোর্ডের প্লেবয় জীবন থেকে তারকা ক্রিকেটার, রাজনীতির শীর্ষ থেকে জেলখানা

Advertisement

শিহাব উদ্দিন

শিহাব উদ্দিন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

অক্সফোর্ডের প্লেবয় জীবন থেকে তারকা ক্রিকেটার, রাজনীতির শীর্ষ থেকে জেলখানা

ইমরান খানের রূপান্তর যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়

Advertisement

অক্সফোর্ডের ঝলমলে ক্যাম্পাস থেকে বিশ্বখ্যাত ক্রিকেট তারকা, লন্ডনের অলিগলিতে রঙিন প্লেবয় জীবন, আর সেখান থেকে শেষমেশ পাকিস্তানের মসনদ ও কারাগার, ইমরান খানের রূপান্তর যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। 

জন্মসূত্রে পাকিস্তানের অভিজাত পরিবারের সন্তান হলেও তার তারুণ্যের অনেকটাই কেটেছে ইংল্যান্ডে। ১৯৭৫ সালে অক্সফোর্ডের বিখ্যাত কেবল কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি পড়া শেষ করার পর ইমরান খান দ্রুতই লন্ডনের উঁচুতলার আধুনিক জীবনধারায় নিজেকে মিলিয়ে নেন। 

লন্ডনের নামীদামি নাইটক্লাব, গ্ল্যামারাস সব মডেল ও তারকাদের সাথে আড্ডা, সব মিলিয়ে ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর বিনোদন পাতায় নিয়মিত শিরোনাম হতেন তিনি। রক্ষণশীল সমাজ থেকে এসে পশ্চিমা এই চাকচিক্যময় আর লাস্যময়ী জীবনযাপন তাকে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করে দেয় এক সেলিব্রিটি প্লেবয়ের ছবি।

তবে তার মূল আকর্ষণ ছিল ক্রিকেট খেলায়। ক্রিকেট পিচে ইমরান ছিলেন অনন্য ও দুর্দান্ত এক অধিনায়ক। দীর্ঘ দুই দশক দাপটের সঙ্গে ক্রিকেট খেলে ১৯৯২ সালে পাকিস্তানকে এনে দেন বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। ক্রিকেট ছাড়ার পর তার ব্যক্তিগত জীবনেও আসে এক বড় পরিবর্তন। ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন ব্রিটিশ ধনকুবেরের কন্যা জেমিমা গোল্ডস্মিথকে। যদিও ২০০৪ সালে সেই সংসারের ইতি ঘটে, কিন্তু এই বিচ্ছেদের পর ইমরান ধীরে ধীরে পাল্টে যেতে থাকেন। 

জীবন নিয়ে তার ভাবনায় আসে বৈরাগ্য, ঝুঁকতে থাকেন আধ্যাত্মিকতার দিকে। পরবর্তীতে আধ্যাত্মিক পথপ্রদর্শক বুশরা বিবিকে বিয়ের মাধ্যমে তার জীবনধারায় আসে সম্পূর্ণ ভিন্ন রূপ, যা ছিল তার যৌবনের প্লেবয় ইমেজের একদম বিপরীত।

১৯৯৬ সালে রাজনীতিতে পা রেখে ইমরান খান গঠন করেন ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)। প্রায় দেড় দশক রক্তঘাম ঝরানোর পর ২০১৮ সালে তরুণদের সমর্থন নিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক সময়ের নাইটক্লাব মাতানো ও আধুনিক জীবনযাপন করা ইমরান রাজনীতির মাঠে এসে শোনান কট্টর ইসলামপন্থী ও জনবান্ধব কথা, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে বেশ চমকপ্রদ ঠেকেছিল। 

তবে ক্ষমতার রাজনীতিতে স্থায়ী হতে পারেননি তিনি। নানা রাজনৈতিক চক্রান্ত ও দুর্নীতির অভিযোগে ক্ষমতা হারানোর পর তাকে যেতে হয় জেলখানায়। অক্সফোর্ডের আড্ডাবাজ তরুণ, বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক, পশ্চিমা প্লেবয়, সব পরিচয় ছাপিয়ে এক বিতর্কিত কিন্তু জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে ইমরান খানের এই নাটকীয় পরিবর্তন এক বিরল ও রোমাঞ্চকর ইতিহাস।

সূত্র: সিএনএন, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান ও কুইলেট ম্যাগাজিন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম