Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

Advertisement

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তার বোন রুবিনা খান ও ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। তবে এসব তথ্যের প্রকৃত উৎস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে ইমরান খানের আইনজীবী সালমান সাফদার এসব তথ্যের উৎস হিসেবে নিজের সম্পৃক্ততা অস্বীকার করায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। অনলাইন জিও নিউজ এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাসিম খানের শেয়ার করা এক বিবৃতিতে রুবিনা খান দাবি করেন, তার ভাই তাকে জানিয়েছেন, কারাগারে থাকাকালে হঠাৎ তার রক্তচাপ বেড়ে ১৯২-এ পৌঁছেছিল। এ পরিস্থিতিতে কারাগারে ইমরান খানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রুবিনা খানের দাবি, ইমরান খানকে অবিলম্বে তার ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতে একটি নিরপেক্ষ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা প্রয়োজন। অন্যদিকে, কাসিম খান তার বাবার উচ্চ রক্তচাপের ঘটনাকে দীর্ঘদিনের নির্জন কারাবাসের সঙ্গে যুক্ত করেছেন। তার আশঙ্কা, দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করা হলে কারাগারেই তার বাবার মৃত্যু হতে পারে।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পরিবারের এমন উদ্বেগজনক বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে গত ২ নভেম্বর আদিয়ালা কারাগারে তার আইনজীবী সালমান সাফদারের সঙ্গে সাক্ষাতের কয়েক দিন পর এসব দাবি সামনে আসে।

তবে এসব তথ্যের বিষয়ে জানতে চাইলে সালমান সাফদার স্পষ্ট করেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে প্রচারিত বক্তব্যের উৎস তিনি নন। তিনি নিজেকে একজন পেশাদার আইনজীবী হিসেবে উল্লেখ করে বলেন, তার দায়িত্ব আইনি বিষয় নিয়ে কাজ করা। তিনি কারও বার্তাবাহক নন।

এর আগে সালমান সাফদার জানিয়েছিলেন, ২ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রী বুশরা ইমরানের সঙ্গে তাকে ৪০ মিনিটের সাক্ষাতের সুযোগ দেয়। প্রায় সাত মাস পর ইমরান খান এবং ১১ মাস পর বুশরা বিবির সঙ্গে তার দেখা হয়। এ সাক্ষাতের জন্য তাকে একাধিকবার আবেদন ও অনুরোধ করতে হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাফদার জানান, সাক্ষাতের সময় বিচারাধীন মামলাসহ বিভিন্ন আইনি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য যথেষ্ট ছিল না। তবে ইমরান খান ও বুশরা বিবি দুজনই তাকে নিজেদের স্বাস্থ্য এবং কারাগারের জীবনযাপনের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি কয়েকটি আইনি বিষয়ে নতুন নির্দেশনাও দেন।

এদিকে, ওই সাক্ষাতের পরিস্থিতি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র পরিবারের দাবির সঙ্গে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইমরান খান একবার তার রক্তচাপ প্রায় ১৯০ পর্যন্ত বেড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। তবে সামগ্রিকভাবে তাকে সুস্থ ও শারীরিকভাবে ফিট মনে হয়েছে বলে দাবি করেছে সূত্রগুলো। তাৎক্ষণিক কোনো গুরুতর চিকিৎসাজনিত সংকটের লক্ষণও তারা দেখেনি।

সূত্রগুলোর দাবি, সাক্ষাতের সময় নিজের শারীরিক অবস্থার চেয়ে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন ইমরান খান। জানা গেছে, বুশরা বিবি চোখের সমস্যায় ভুগছেন।   

তথ্যের উৎস নিয়ে প্রশ্ন

এখানেই তৈরি হয়েছে মূল প্রশ্ন। ইমরান খানের রক্তচাপ ১৯২-এ পৌঁছানোর তথ্য এবং তার জীবন ঝুঁকিতে থাকার অভিযোগ কীভাবে রুবিনা খান ও কাসিম খানের কাছে পৌঁছেছে, তা এখনো পরিষ্কার নয়।

পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তথ্যের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে, আইনজীবী সালমান সাফদারও জানিয়েছেন, তিনি এসব তথ্যের উৎস নন এবং এ বিষয়ে কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেননি।

ফলে ইমরান খানের কাছ থেকে সরাসরি কোনো বার্তার ভিত্তিতে তার পরিবারের সদস্যরা এসব দাবি করেছেন, নাকি অন্য কোনো মাধ্যমে তথ্য পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

একদিকে পরিবারের পক্ষ থেকে তার জীবন ও স্বাস্থ্য নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে সাক্ষাতের বিষয়ে অবগত সূত্রগুলো তাকে সামগ্রিকভাবে সুস্থ বলে বর্ণনা করছে। এই দুই ধরনের বিবরণের মধ্যে পার্থক্য ইমরান খানের প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে মেডিকেলে পড়ার নতুন সূচনা বাংলাদেশি শিক্ষার্থীদের

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে যাচ্ছিল হরমুজে হামলার শিকার কাতারের এলএনজি ট্যাংকার

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

ঢাকায় আসছেন মুফতি তাকি উসমানি

আরও পড়ুন

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

যে ৫ কারণে বাজেভাবে হারল ট্রাম্পের দল

যে ৫ কারণে বাজেভাবে হারল ট্রাম্পের দল

বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম