Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

হুথিদের ঠেকাতে ইয়েমেনে সৌদির হামলা, নিহত ৬

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

হুথিদের ঠেকাতে ইয়েমেনে সৌদির হামলা, নিহত ৬

লোহিত সাগরীয় বন্দরনগরী মোখায় হামলা চালিয়েছে সৌদি আরব। ছবি: সংগৃহীত

Advertisement

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় বন্দরনগরী মোখায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হুথি-সমর্থিত সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।

সাবা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। আহতদের মধ্যে এক শিশু ও একজন নারীও রয়েছেন।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলের চেষ্টা করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে।  হুথিদের এই অগ্রযাত্রা ঠেকাতে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারও পালটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

এদিকে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন ইয়েমেনের শাসক পরিষদের প্রধান রাশাদ আল-আলিমি। সোমবার আল-আলিমির কার্যালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রোববার তিনি ফোনে কথা বলেছেন।


তবে ট্রাম্প সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি বলে ওই কর্মকর্তা জানান। সংকটে থাকা ইয়েমেন সরকারের প্রতি সংহতি জানানোই এর মূল উদ্দেশ্য ছিল বলে তিনি জানান।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিয়েছেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছেন বলে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ইয়েমেনে হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার ফলে ইরান ও তার মিত্রদের দুটি গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিও রয়েছে। উপসাগরীয় দেশগুলো এবং বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক সৌদি আরব তেল পরিবহণের  জন্য এসব নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।


ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের শুরু ২০১৪ সালে, যখন হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। ২০২২ সালের পর এই যুদ্ধ অনেকটাই স্থবির ছিল। তবে জুলাইয়ে আবারও সংঘাত তীব্র হয়ে ওঠে।

২০১৫ সাল থেকে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে। ওই বছর সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধে হস্তক্ষেপ করার পর সংঘাত আরও তীব্র হয়। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম