বাসে জোরে গান বা সিটে পা তুলে বসলেই ৪৮ হাজার টাকা জরিমানা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাসে বসে পছন্দের গান শুনছেন, কিন্তু শব্দটা একটু জোরে? কিংবা ক্লান্তিতে আসনে পা তুলে বসেছেন? এমন আচরণ এখন বেশ ব্যয়বহুল হতে পারে এশিয়ার এই দেশে। বাসে উচ্চ শব্দে অডিও চালানো, আসনে পা তুলে বসা, খাওয়া-দাওয়া বা ময়লা ফেলার মতো কাজের জন্য সিঙ্গাপুরে যাত্রীকে গুনতে হবে সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা। আর গুরুতর অপরাধে জরিমানা হতে পারে ৫ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঘোষণা করা নতুন নিয়মের আওতায় বাসযাত্রীদের বিভিন্ন বিরক্তিকর আচরণকে এখন আনুষ্ঠানিকভাবে আইনগত অপরাধ হিসেবে গণ্য করা হবে। সিঙ্গাপুরের স্থল পরিবহণ কর্তৃপক্ষ (এলটিএ) জানিয়েছে, এর লক্ষ্য সবার জন্য নিরাপদ, সহনশীল ও স্বস্তিদায়ক গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করা।
নতুন নিয়ম অনুযায়ী, বাস টার্মিনাল বা বাস ইন্টারচেঞ্জে অন্য যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা বা তাদের জন্য বিপদ তৈরি করার মতো গুরুতর অপরাধে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। একই জরিমানা হতে পারে বাস, বাস ইন্টারচেঞ্জ বা টার্মিনালের কোনো অংশ নোংরা করার ক্ষেত্রেও।
নতুন বিধিগুলো সিঙ্গাপুরের রেল ও গণদ্রুত পরিবহণ (এমআরটি) ব্যবস্থায় চালু থাকা নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে আগে বাসে খাওয়া বা পানীয় গ্রহণের মতো আচরণের ক্ষেত্রে সাধারণত বাস কোম্পানির নিজস্ব নীতিমালা কার্যকর ছিল। চালকরা যাত্রীকে বাস থেকে নেমে যেতে বলতে পারতেন। এখন এসব আচরণ সরাসরি আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং তাৎক্ষণিক জরিমানার বিধান কার্যকর হয়েছে।
এলটিএ জানিয়েছে, টিকিট পরিদর্শক ও বাস ইন্টারচেঞ্জের কর্মীদের মতো অনুমোদিত বাসকর্মীরা কোনো যাত্রী অপরাধ করেছেন বলে সন্দেহ হলে তাকে আনুষ্ঠানিক নোটিশ দিতে পারবেন।
তবে বাসচালকদের, যাদের সিঙ্গাপুরে ‘ক্যাপ্টেন’ বলা হয়, এই ক্ষমতা দেওয়া হয়নি। তাদের প্রধান দায়িত্ব বাস নিরাপদে পরিচালনা করা। অবশ্য তারা যাত্রীকে বিরক্তিকর আচরণ বন্ধ করতে বলতে পারবেন। কেউ নির্দেশ না মানলে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে। গুরুতর পরিস্থিতিতে পুলিশও হস্তক্ষেপ করতে পারে।
গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে শুধু সিঙ্গাপুরই এমন পদক্ষেপ নেয়নি। বিশ্বের বিভিন্ন শহরেও যাত্রীদের শান্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিরক্তিকর আচরণের বিরুদ্ধে কঠোর হচ্ছে পরিবহণ কর্তৃপক্ষ।
চলতি বছরের শুরুতে পোল্যান্ডের ক্রাকোভ শহরেও একই ধরনের নিয়ম চালু করা হয়। সেখানে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে যানবাহনের ভেতরে ‘শান্তি ও নীরবতা নষ্ট’ করলে সর্বোচ্চ ২০০ জলোটি জরিমানা হতে পারে।
যুক্তরাজ্যেও ট্রেন ও স্টেশনে অসামাজিক আচরণের বিরুদ্ধে আইন রয়েছে। অন্যদের বিরক্ত করে অনুমতি ছাড়া শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির কিছু রাজনীতিক বাসসহ সব ধরনের গণপরিবহণে উচ্চ শব্দে গান বা ভিডিও চালানো ব্যক্তিদের সর্বোচ্চ ১ হাজার পাউন্ড জরিমানার প্রস্তাবও দিয়েছেন।
সিঙ্গাপুরের এলটিএ বলেছে, গণপরিবহণ একটি সবার ব্যবহারের যৌথ জায়গা। তাই সুন্দর ও স্বস্তিদায়ক যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীরই দায়িত্ব রয়েছে।
সূত্র: বিবিসি

