Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসব জলপথকে ‘বিশ্ব অর্থনীতির ধমনী’ হিসেবে উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ তৈরি করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি জানান, মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান দুই দেশকে একই টেবিলে বসিয়েছে এবং সংঘাত কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

শাহবাজ শরিফ বলেন, শান্তির জন্য কাজ করা মানবজাতির অন্যতম মহৎ দায়িত্ব। এ সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করেন এবং জাতিসংঘ সনদের প্রতি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমর্থনের কথা তুলে ধরেন।


তিনি বলেন, পাকিস্তান জাতিসংঘ সনদের প্রতি আস্থাশীল এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। দারিদ্র্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের নেতৃত্ব ও প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

 শাহবাজ শরিফ বলেন, ফেব্রুয়ারিতে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। এতে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক নৌপথগুলোও চাপের মুখে পড়ে।

ফিলিস্তিন প্রসঙ্গে শাহবাজ শরিফ পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণের বিরোধিতা করেন। তিনি বলেন, গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সেইসঙ্গে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। 

এ সময় কাশ্মীর প্রসঙ্গেও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, কাশ্মীর পাকিস্তানের ‘জুগুলার ভেইন’ বা অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান তিনি।


পাশাপাশি তিনি ভারতকে ভবিষ্যতে আর কোনো ‘ভুল’ না করার বিষয়ে সতর্ক করেন।

 জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে চতুর্থবারের মতো বক্তব্য দিতে পারাকে সম্মানের বিষয় উল্লেখ করেন শাহবাজ শরিফ। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম