মাতৃত্বকালীন সময়ে যে কথাটি মনে রাখতে বললেন মাহিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান
|
ফলো করুন |
|
|---|---|
মা হওয়া যেকোনো নারীর জীবনের এক অত্যন্ত সংবেদনশীল এবং রূপান্তরকারী অধ্যায়। এই সময়ে একজন নারীর মানসিক ও শারীরিক যত্নের পাশাপাশি তার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে—তা আজীবন মনে গেঁথে থাকে। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঠিক এমনই একটি চিন্তাজাগানিয়া বার্তা শেয়ার করে সবার নজর কেড়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই বার্তায় অভিনেত্রী বলেন— ‘গর্ভাবস্থায় বা প্রসব পরবর্তী সময়ে আপনি একজন নারীর সঙ্গে কেমন আচরণ করছেন, তা তার সারাজীবন মনে থাকবে।’
ওই বার্তায় আরও বলা হয়েছে, মাতৃত্বের এই সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল সময়ে কেউ কেমন আচরণ করেছিলেন, সেই স্মৃতি সহজে মুছে ফেলা যায় না।
যদিও অভিনেত্রীর এই বিশেষ বার্তাটি কার উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে মাতৃত্বকালীন সময়ে নারীদের মানসিক সমর্থন ও বোঝাপড়ার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে তার এই পোস্ট।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন মাহিরা। বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমরা পরিকল্পনা করি আর সবকিছুর মূলে থাকে আল্লাহর পরিকল্পনা।’
এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে পাকিস্তানি ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এর আগে প্রথম স্বামীর ঘরে আজলান নামের এক পুত্রসন্তান রয়েছে এই অভিনেত্রীর।

